দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কেটে গেছে ৭০ বছর। এত দিন পর ভুল স্বীকার করে ক্ষমা চাইল জাপানের বহুমুখী ব্যবসা প্রতিষ্ঠান মিতসুবিশি করপোরেশন। বিবিসি অনলাইনের এক খবরে সোমবার এ তথ্য জানানো হয়েছে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্রের কারাবন্দিদের দিয়ে জোর করে কাজ করানোর জন্য ভুল স্বীকার করেছে মিতসুবিশি।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে একটি অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ নির্বাহী হিকারু কিমুরা দুঃখ প্রকাশ করে ক্ষমা প্রার্থনা করেন। তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের কারাগারে বন্দি মার্কিনিদের দিয়ে খনিতে জোর করে কাজ করায় মিতসুবিশি।
জাপানের কোনো প্রতিষ্ঠান হিসেবে মিতসুবিশি এই প্রথম দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনায় ক্ষমা প্রার্থনা করল। এই অনুষ্ঠানে মিতসুবিশির একটি প্রতিনিধিদল উপস্থিল ছিল।
জাপানের কারাগারে বন্দি থাকা অবস্থায় জোর করে কাজে বাধ্য করা হয়, এমন একজন মার্কিনির নাম জেমস মারফি। তিনি এখনো বেঁচে আছেন। লস অ্যাঞ্জেলেসে মিতসুবিশির ক্ষমা চাওয়ার অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন। ক্ষমা প্রর্থনার পত্রটি তিনি গ্রহণ করেন। নির্যাতিত আরো একজন কারাবন্দি এ সময় মারফির পাশে ছিলেন।
জেমস মারফির বয়স এখন ৯৪ বছর। তিনি বলেন, ‘আজ এক অপূর্ব দিন... ৭০ বছর ধরে আমরা এমন একটি দিনের আশা করেছি।’
তিনি আরো যোগ করেন, ‘কিমুরার ক্ষমা প্রার্থনার বিবৃতি আমি মন দিয়ে শুনেছি এবং এটি অত্যন্ত আন্তরিক, বিনয়ী ও উদঘাটনমূলক।’
ইআর





