নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরে হ্যাগিল পার্ক এলাকায় দুই মসজিদে বন্দুকধারীর হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে।

সর্বশেষ একজনের মৃতদেহ আল নুর মসজিদের মধ্যে পাওয়া গেছে বলে জানিয়েছেন নিউজিল্যান্ড পুলিশ কমিশনার মাইক বুশ।

এখনো আরো ৩৬ জন ক্রাইস্টচার্চ হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের মধ্যে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক। এর মধ্যে এক শিশুকে গুরুতর অবস্থায় অকল্যান্ডের শিশু হাসপাতালে পাঠানো হয়েছে।

এত বড় একটি ধ্বংসযজ্ঞের পর আহতদের চিকিৎসায় হাসপাতালের কর্মকর্তাদের হিমশিম খেতে হচ্ছে বলে জানিয়েছেন ক্রাইস্টচার্চ হাসপাতালের প্রধান সার্জন গ্রেগ রবার্টসন।

এক সংবাদ সম্মেলনে প্রধান সার্জন বলেন, ‘আমরা সবাই নিজের মতো করেই এ ব্যাপারটার সঙ্গে লড়ছি। এ ধরনের পরিবেশ আমাদের এখানে কখনোই প্রত্যাশিত ছিল না। গুলিতে আহত মানুষ আমরা দেখেছি, কিন্তু একদিনে ৫০ জন গুলিবিদ্ধ মানুষ আমরা কখনো দেখিনি।’

গত শুক্রবার জুমার নামাজের সময় কালো কাপড় ও হেলমেট পরা এক বন্দুকধারী ক্রাইস্টচার্চ শহরে হ্যাগিল পার্ক এলাকায় আল নুর মসজিদে ঢুকে এলোপাতাড়ি গুলি শুরু করে। নিহতদের মধ্যে দুজন বাংলাদেশি রয়েছেন। এখনো নিখোঁজ রয়েছেন আরো এক বাংলাদেশি।

জেড