কিংবদন্তি মুষ্টিযোদ্ধা মুহাম্মাদ আলির শেষকৃত্যে উপস্থিত থাকছেন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।

আসছে শুক্রবার কেন্টাকি অঙ্গরাজ্যের লুইভিলে আলির শেষকৃত্য অনুষ্ঠিত হবে। এটিই আলির জন্মশহর।

গেল শুক্রবার অ্যারিজোনা অঙ্গরাজ্যের ফিনিক্সের একটি হাসপাতালে ৭৪ বছর বয়সে মারা যান আলি। নির্ণয় করা যায়নি এমন প্রাকৃতিক কারণজনিত ‘সেপটিক শকে’ তার মৃত্যু হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে আলির পরিবার।

হোয়াইট হাউসের বরাতে বিবিসি জানিয়েছে, ওই দিন ওবামা ও তার স্ত্রী মিশেল তাদের কন্যা মালিয়ার হাই স্কুল গ্রাজুয়েশন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

আলির শেষকৃত্য অনুষ্ঠানে হোয়াইট হাউসের পক্ষ থেকে ওবামার জ্যেষ্ঠ উপদেষ্টা ভ্যালেরি জ্যারেট উপস্থিত থাকবেন। জ্যারেটের মাধ্যমে আলির পরিবারের কাছে একটি চিঠি পাঠাবেন ওবামা দম্পতি।

বব গানেল নামে আলি পরিবারের এক মুখপাত্র জানিয়েছেন, আলির বিধবা লোনির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ওবামা।  

আলির শেষকৃত্যে কয়েক হাজার মানুষ উপস্থিত থাকবেন বলে ধারণা করা হচ্ছে। এদের মধ্যে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ান ও জর্দানের বাদশা আব্দুল্লাহ বিন আল হুসাইয়েনেরও থাকার কথা রয়েছে।

অন্যান্যদের মধ্যে সাবেক হেভিওয়েট চ্যাম্পিয়ন ব্রিটিশ নাগরিক লেনক্স লুয়িস, অভিনেতা উয়িল স্মিথ (চলচ্চিত্রে আলির ভূমিকায় অভিনয় করেছেন) আলির কফিন বহনকারীদের মধ্যে থাকবেন।

শেষকৃ্ত্যাষ্ঠানে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন এবং অভিনেতা বিলি ক্রিস্টাল বক্তব্য রাখবেন।

আলি মারা যাওয়ার পর ওবামা জানিয়েছিলেন, তিনি তার ব্যক্তিগত পাঠাগারে আলির একটি ছবির নিচে তার দুটি গ্লোভস রেখে দিয়েছেন। ১৯৬৪ সালের ওই ছবিটিতে আলি অপর মুষ্টিযোদ্ধা সনি লিস্টনের সঙ্গে লড়াই করছেন।

বৃহস্পতিবার শহরের ফ্রিডম হলে আলির ইসলাম ধর্ম অনুসারে শেষকৃত্যাদি সম্পন্ন হবে। ১৮ হাজার আসনের এই ফ্রিডম হলেই ১৯৬০ সালে আলি তার পেশাদারি মুষ্টিযোদ্ধা জীবনের প্রথম লড়াইয়ে নেমে জয় পেয়েছিলেন।

প্রথম দিকের আসনগুলোতে জায়গা পাওয়ার জন্য মঙ্গলবার রাত থেকেই মানুষেরা টিকেটের জন্য লাইন দিতে শুরু করে দিয়েছে।

শুক্রবারের শেষকৃত্যের অনুষ্ঠান স্থানীয় সময় সকাল ৯টায় শুরু হওয়ার কথা রয়েছে। ওই সময় আলি লাশবাহী কফিন লুইভিলে আলি স্মৃতির সঙ্গে জড়িত সড়কগুলো প্রদক্ষিণ করবে।

এরপর শহরের বিশাল কনসার্ট ও স্পোর্টস এলাকা কেএফসি ইয়াম সেন্টারে আলি শেষকৃত্যের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। এই অনুষ্ঠান সাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

সবশেষে শহরের কেভ হিল কবরস্থানে তাকে দাফন করা হবে।

এফএফ