মিসরের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে অপসারণের পর বিক্ষোভ ঠেকাতে পরিকল্পিতভাবে গণহত্যা চালিয়েছিল দেশটির সেনাশাসিত সরকার। বিক্ষোভ শুরু হওয়ার পর মাত্র ছয় সপ্তাহে ১,১৫০ জনকে হত্যা করা হয়।

হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) পক্ষ থেকে মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। 

ওই গণহত্যাকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে উল্লেখ করে নিউইয়র্কভিত্তিক সংস্থাটি আন্তর্জাতিক তদন্ত দাবি করেছে।

১৯৫ পৃষ্ঠার প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের ১৪ আগস্ট কায়রোর রাবা আল-আদায়িয়া স্কয়ারে অবস্থানরত অন্তত ৮১৭ বিক্ষোভকারীকে হত্যা করা হয়। সাম্প্রতিক এ হত্যাকাণ্ডকে একদিনে ঘটা পৃথিবীর অন্যতম বৃহৎ হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় দেশটির বর্তমান প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি, স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইব্রাহীমসহ বেশ কয়েকজন ঊর্ধ্বতন নেতাকে তদন্তের আওতায় আনার দাবি জানিয়েছে এইচআরডব্লিউ। সূত্র: বিবিসি, আল-জাজিরা, এপি।

ঢাকা, ১২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, টিআই