সৌদি আরবের ইতিহাসে এই প্রথম নারীরা নির্বাচনে ভোটাধিকার ও প্রার্থিতার সুযোগ পেয়েছে। গত শনিবার অনুষ্ঠিত ওই পৌরসভা নির্বাচনে অন্তত চার নারী কাউন্সিলর পদে বিজয়ী হয়েছেন। খবর আলজাজিরার।

স্থানীয় ওই নির্বাচনে এ পর্যন্ত পাওয়া ফলাফলে ইহসা থেকে দুইজন, তবুক থেকে একজন ও মক্কা নগরী থেকে এক নারী কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।

দেশটির নির্বাচন কমিশনের প্রধান ওসামা আল-বার রবিবার জানিয়েছেন, মক্কার উত্তরাঞ্চলের মাদরাকাহ কাউন্সিলে জয়ী হয়েছেন সালমা বিনতে হিজাব আল-ওতেবি।

দেশটিতে গত শনিবার অনুষ্ঠিত হওয়া ভোটে প্রায় ২৫ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন বলে জানিয়েছে আলজাজিরা। প্রথমবার ভোট দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অনেক নারী ভোটার।

এবারের নির্বাচনে ৫ হাজার ৯৩৮ পুরুষ প্রার্থী ও ৯৭৯ নারী প্রার্থী অংশ নেন। ২৮৪টি কাউন্সিলে এ ভোট অনুষ্ঠিত হয়।

দেশটিতে ১৯৬৫ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত নির্বাচন বন্ধ থাকার পর তা চালু করেন তৎকালীন বাদশাহ আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ। ২০১১ সালে ভোটে নারীদের অংশগ্রহণের ঘোষণা দেন তিনি।

প্রয়াত বাদশাহ আব্দুল্লাহ’র করা নিয়মের পরিপ্রেক্ষিতেই এবারের নির্বাচনে নারীদের ভোটের সুযোগ দিয়েছেন বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ।

শুধু ভোট দানের ক্ষমতাই নয়, প্রভাবশালী শূরা কাউন্সিলেও নারীদের স্থান দিয়েছেন বাদশাহ আব্দুল্লাহ। দেশটির ১৫০ সদস্যবিশিষ্ট শূরা কাউন্সিলে ৩০ জন নারী রয়েছেন।

এসএইচ