নেপালের রাজধানী কাঠমাণ্ডুর ৪০ বছর বয়সী এক মার্কিন নারী গণধর্ষণের শিকার হয়েছেন। চার নেপালী একটি হোটেল কক্ষে তাকে ধর্ষণ করে।

সোমবার পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এএফপিকে জানান, ২০১৩ সাল থেকে বিজনেস ভিসায় তিনি নেপালে অবস্থান করছেন। কাঠমাণ্ডুর পর্যটন কেন্দ্র থামেলের এক হোটেলে ১৪ জুন এ ঘটনা ঘটে।

জ্যেষ্ঠ সুপারিন্টেন্ডেন্ট হেমন্ত বাহাদুর পাল বলেন, ‘মহিলা সন্ধ্যায় লোকগুলোর সঙ্গে সময় কাটান। তারা মদ পান করেন। পরে তারা একটি হোটেলে যান। মহিলা সেখানে জ্ঞান হারান। জ্ঞান ফিরে এলে তিনি বুঝতে পারেন যে তাকে ধর্ষণ করা হয়েছে।’

পাল জানান, চার সন্দেহভাজনের মধ্যে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তবে তারা তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছে।

দোষী প্রমাণিত হলে নেপালের আইন অনুযায়ী তাদের ১০ বছরের কারাদণ্ড হতে পারে। সূত্র: বিএসএস

ঢাকা, ২৩ জুন (টাইমনিউজবিডি.কম) //এমএ