তাজা বোমা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল কলকাতার গার্ডেনরিচে। বৃহস্পতিবার সন্ধ্যায় গর্ডেনরিচের হরিবাবুর পল্লী এলাকা থেকে উদ্ধার করা হয় ২৫টি তাজা বোমা।

এদিন ওই এলাকার একটি পরিত্যক্ত জায়গায় পাঁচটি বালতির মধ্যে মজুত করা ছিল বোমাগুলি। স্থানীয় বাসিন্দাদের বালতিগুলি দেখে সন্দেহ হয়। গার্ডেনরিচ থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ ও বোমা স্কোয়াড এসে বোমাগুলি উদ্ধার করে। এরপর নিষ্ক্রিয় করা হয় ওই তাজা বোমাগুলি।

এর আগেই বর্ধমান বিস্ফোরণ কাণ্ডের সঙ্গে গার্ডেনরিচের যোগ পেয়েছিল ভারতের জাতীয় গোয়েন্দা সংস্থা- এনআইএ। আর বৃহস্পতিবারের পর ওই যোগসূত্রের বন্ধন আরো মজবুত হল বলেই মনে করা হচ্ছে।

ঘটনার পর থেকে ওই এলাকার নিরাপত্তা আরো জোরদার করার কথা চিন্তা করছে প্রশাসন।

কেএইচ