রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্রিমিয়ার তাতার জনগোষ্ঠীর পুনর্বাসনের বিষয়টি বিবেচনা করার আশ্বাস দিয়েছেন। সাবেক সোভিয়েত নেতা স্টালিন ক্রিমিয়ার তাতার মুসলমানদের সঙ্গে যে অন্যায় আচরণ করেছিলেন পুতিনের এ প্রতিশ্রুতি বাস্তবায়িত হলে তার অবসান হতে পারে বলে পর্যবেক্ষকরা মনে করছেন।
রাশিয়ার ভলগা অঞ্চলের তাতারস্তান প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট রুস্তম মিন্নিখানোভ আজ মঙ্গলবার মস্কোয় রুশ প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে পুতিন ওই আশ্বাস দেন। ভৌগোলিকভাবে ক্রিমিয়া থেকে তাতারস্তানের দূরত্ব কয়েক হাজার কিলোমিটার হলেও জাতিগতভাবে দুই তাতার জনগোষ্ঠীর ব্যাপক মিল রয়েছে।
সম্প্রতি ক্রিমিয়ায় অনুষ্ঠিত গণভোটের জের ধরে প্রজাতন্ত্রটি রাশিয়ায় যোগ দেয়ার পর ক্রিমিয়া সফর করেছেন মিন্নিখানোভ। পুতিনের সঙ্গে সাক্ষাতে তিনি ক্রিমিয়ার তাতার জনগোষ্ঠীকে ‘অবদমিত জনগোষ্ঠী’ হিসেবে স্বীকৃতি দেয়ার অনুরোধ জানান। ১৯৯০-এর দশকের এক রুশ আইন অনুযায়ী সেদেশের অবদমিত বা নির্যাতিত জনগোষ্ঠী পুনর্বাসনের সুযোগ পাবে।
ভ্লাদিমির পুতিনকে তাতারস্তানের প্রেসিডেন্ট বলেন, “ক্রিমিয়ার তাতারদের ১৯৯১ সালের আইনের আওতায় আনলে খুব ভালো হয়। এটি করলে তা হবে তাতারদের জন্য মস্তবড় নৈতিক সমর্থন।” এ প্রস্তাবের জবাবে পুতিন বলেন, তিনি এটি ‘গুরুত্বের সঙ্গে’ বিবেচনা করার পাশাপাশি ক্রিমিয়ার তাতার নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
সাবেক সোভিয়েত নেতা জোসেফ স্টালিন ক্রিমিয়ার তাতার মুসলমানদের নির্বাসনে পাঠালে তারা কয়েক দশক ধরে মধ্য এশিয়ার বিভিন্ন প্রজাতন্ত্রে শরণার্থীর জীবন যাপন করেন। ১৯৮০’র দশকের শেষদিকে তাদের অনেককে মাতৃভূমিতে ফিরে আসার অনুমতি দেয়া হয়। কিন্তু ইউক্রেন কখনোই তাদেরকে পুনর্বাসনের সুযোগ দেয়নি। এ কারণে তাতাররা গত তিন দশকের বেশি সময় ধরে নিজ ভূমিতে পরবাসীর জীবনযাপর করে আসছিলেন। তাদেরকে ক্রিমিয়ায় জমি কেনার অনুমতি দেয়া হয়নি।
রাশিয়া ১৯৯১ সালে যে আইন অনুমোদন করে তাতে অন্যায়ভাবে নির্যাতিত ও নিপীড়িত জনগোষ্ঠীকে ক্ষতিপূরণ দেয়ার পাশাপাশি তাদেরকে জমি কেনার অধিকার প্রদান ও পুনর্বাসনের কথা বলা হয়েছে। সম্প্রতি ক্রিমিয়ায় অনুষ্ঠিত গণভোটে তাতার মুসলমানরা রাশিয়ার সঙ্গে একীভূত হওয়ার বিপক্ষে অবস্থান নেয়ার পরও পুতিন তাদের সঙ্গে সংলাপে বসার আভাস দিয়েছিলেন। তিনি ওই গণভোটের পর বলেন, “একটি সময়ে সোভিয়েত ইউনিয়নের আরো অনেকের মতো ক্রিমিয়ার তাতাররা চরম অবিচারের স্বীকার হয়েছিলেন। আমি মনে করি তাদের পুনর্বাসনের সুযোগ দেয়ার জন্য রাজনৈতিক ও আইনি পদক্ষেপ নেয়ার সময় এসেছে।”
তাতারস্তানের প্রেসিডেন্ট মিন্নিখানোভ এবং তার পূর্বসুরি মিনতিমের শাইমিয়েভ ক্রিমিয়ার তাতার জনগোষ্ঠীর অধিকার আদায়ের জন্য দীর্ঘদিন ধরে সংগ্রাম করে আসছিলেন। সূত্র: আইআরআইবি
[b]ঢাকা, ১ এপ্রিল (টাইমনিউজবিডিডটকম) // টিআই[/b]