ইসরায়েল আরও ২৫টি এফ-৩৫ স্টিলথ যুদ্ধ বিমানের অর্ডার দিয়েছে। এর আগে মার্কিন এই যুদ্ধ বিমান নির্মাতা প্রতিষ্ঠানকে ১৯টি বিমানের অর্ডার দিয়েছিল দেশটি। এবার ২৫টি সহ মোট ৪৪টি বিমানের অর্ডার দেয়া হলো। ইসরায়েলের প্রতিরক্ষা দফতরের বরাত দিয়ে মঙ্গলবার এ খবর জানিয়েছে রয়টার্স।

এর আগে ২০১০ সালে ২৭৫ কোটি মার্কিন ডলার দিয়ে ১৯টি এফ-৩৫ যুদ্ধ বিমান কিনেছিল ইসরায়েল। চুক্তি অনুযায়ী ইসরায়েল ৭৫টি পর্যন্ত এই যুদ্ধবিমান কিনতে পারবে। তবে, নতুন এই বিমানগুলো কিনতে কত অর্থ খরচ হবে তা উল্লেখ করেনি ইসরায়েলি প্রতিরক্ষা দফতর।

বিমানের প্রথম চালানটি ২০১৬ থেকে ২০১৮ সালের মধ্যে পৌছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। নতুন করে ২৫টি বিমানের অর্ডার দেয়ার আগে গত সপ্তাহে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী মোশে ইয়ালুন যুক্তরাষ্ট্র সফর করেন।

উল্লেখ্য, আমেরিকা প্রতি বছর ইসরায়েলকে ৩০০ কোটি মার্কিন ডলার অনুদান হিসেবে দিয়ে থাকে। এই টাকা মূলত সামরিক সরঞ্জাম কেনার কাজে ব্যবহৃত হয়। ইসরায়েলি যুদ্ধাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান এলবিট সিস্টেমস লিমিটেড এবং সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান 'ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ (আইএআই)' এফ-৩৫ যুদ্ধবিমান নির্মাণে প্রযুক্তি দিয়ে সহায়তা করে থাকে। সূত্র: রয়টার্স

এসএমএ