প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছেই। প্রতিদিনই নতুন নতুন দেশে ছড়িয়ে পড়ছে এই ভাইরাসটি। এবার ইতালির সেনাপ্রধান সালভাতোর ফারিনা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
তিনি এখন নিজ বাসভবনেই কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছেন। রোববার (০৮ মার্চ) দেশটির সরকারি কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন।
ইতালির সংবাদ সংস্থা এজিআই জানিয়েছে, দেশটির সেনাপ্রধান সালভাতোর ফারিনা নিজেও করোনায় আক্রান্ত হওয়ার ঘোষণা দিয়েছেন।
তিনি এক বিবৃতিতে বলেন, রোববার আমার পরীক্ষা করা হয়েছে, করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। আমি নিজের বাসভবনেই আছি। ভালো আছি। আমার অনুপস্থিতিতে ডেপুটি জেনারেল ফেডেরিকো বোনাতো সেনাপ্রধান হিসেবে দায়িত্বপালন করবেন।
করোনাভাইরাস মোকাবিলায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান, মিউজিয়াম, জিমনেশিয়াম, নাইট ক্লাবসহ বিভিন্ন ভেন্যু বন্ধের ঘোষণা দিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী গুইসেপ কন্টে। তথ্য সূত্র- দ্যা নিউজ
এদিকে, গতকাল (০৯ মার্চ) সোমবার বিশ্বজুড়ে এখন পর্যন্ত ১ লাখ ১০ হাজার ৫৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ৩ হাজার ৮২৮ জন। অপরদিকে করোনায় আক্রান্ত ৬২ হাজার ২৭৬ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
এমবি





