পাশ্চাত্য শক্তিগুলো এশিয়ার শান্তি বিঘ্ন করে এশিয়াকে অস্থিতিশীল করতে চায়। ক্ষমতার ভারসাম্য এশিয়ার দিকে ঝুঁকে পড়ায় পাশ্চাত্য এ ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছে পাক সিনেট।
পাকিস্তান সংসদের উচ্চকক্ষ সিনেটের চেয়ারম্যান রাজা রব্বানি বলেছেন, পশ্চিমা শক্তিগুলো এশিয়ার গণতান্ত্রিক সরকারগুলোকে অস্থিতিশীল করতে চাইছে। ক্ষমতার ভারসাম্য এশিয়ার দিকে ঝুঁকে পড়ায় তারা এ ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন তিনি।
এ অবস্থায় গণতান্ত্রিক সরকারগুলোকে রক্ষা করা রাজনৈতিক দলগুলোর দায়িত্ব। রাজধানী ইসলামাবাদে ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজ বা আইসিএপিপি আয়োজিত মানব পাচার বিষয়ক তৃতীয় কর্মশিবিরে ভাষণ দেয়ার সময় এ কথা বলেন রাজা রব্বানি।
পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ, পাকিস্তান পিপলস পার্টি, পাকিস্তান তেহরিকে ইনসাফ এবং পাকিস্তান মুসলিম লিগ-কায়েদ আজম যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করেছে।
গণতান্ত্রিক সরকারগুলোকে রক্ষায় এশিয়ার রাজনীতিবিদদের জোটবদ্ধ হওয়ারও আহ্বান জানান রাজা রব্বানি।
তিনি বলেন, রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতার ভারসাম্য পশ্চিম থেকে পূর্ব দিকে ঝুঁকতে শুরু করেছে। এশিয়ার উত্থানে বা আইসিএপিপি’এ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও দাবি করেন তিনি।
এমআইএস।





