ব্যস্ত রাস্তার মোড়ে দাউদাউ করে জ্বলছে আগুন। মাঝরাতে এমন দৃশ্য দেখে থমকে গেল ট্রাফিক।

হতভম্ব হয়ে দাঁড়িয়ে পড়েন পথচলতি মানুষও। গড়িয়াহাট মার্কেটের কাছে তখন আতঙ্কে ছোটাছুটি শুরু হয়ে গিয়েছে।

জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করতে দেখা যায় স্থানীয়দের। খবর পেয়ে ছুটে আসে দমকলের ১৮টি ইঞ্জিন। ৮ ঘণ্টা চেষ্টার পরও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, একটি ব্র্যান্ডেড কাপড়ের দোকানে প্রথম আগুন লাগে। সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের অন্য দোকানগুলোতে। মোট কতগুলো দোকানে আগুন লেগেছে, তা এখনও স্পষ্ট নয়। তবে ল্যাডারের সাহায্যে গ্রিল কেটে আগুনের উৎসস্থলে পৌঁছানোর চেষ্টা করছেন ফায়ার সার্ভিসকর্মীরা।

জানা গেছে, যে দোকানে আগুন লেগেছে, তার আশপাশের বাড়িগুলো থেকে বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। আগুন লাগার খবরে আতঙ্ক সৃষ্টি হয়েছে আশপাশের এলাকায়।

পশ্চিমবঙ্গের দমকলমন্ত্রী সুজিত বসু গণমাধ্যমকে জানান, ‘আগুনের কারণ স্পষ্ট নয়। দমকলকর্মীরা দ্রুত আগুন নেভানোর চেষ্টা করছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট নয়, তবে বড় ক্ষতির আশঙ্কা রয়েছে।’খবর আনন্দবাজার।

এএস