প্যারিসে আত্মঘাতি সন্ত্রাসী হামলায় জড়িত সন্দেহে এক ফরাসি নাগরিকের বাবা-ভাইকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তাদের ঘরবাড়িও তল্লাশি করা হয়েছে। বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য প্রচার করছে।

স্থানীয় সময় শনিবার তাদের পুলিশি হেফাজতে নেওয়া হয়।

বাতাক্লঁ থিয়েটার হলে নিহত হামলাকারীদের মধ্যে একজন ৩০ বছর বয়সী ওই ফরাসি নাগরিক।

অপর একটি সূত্র বলছে, হামলাকারীর বন্ধু ও আত্মীয়-স্বজনদের খুঁজে বের করার চেষ্টা করছেন তদন্ত কর্মকর্তারা।

প্যারিসের পূর্বের ১৩০ কিলোমিটার দূরে রোমিল্লি-সুর-সেইন গ্রামে ওই হামলাকারীর বাবার বাড়ি অবস্থিত। আর প্যারিসের দক্ষিণে ইস্সোনি অঞ্চলে ভাইয়ের বাড়ি।

৩৪ বছর বয়সী ওই ভাই নিজ থেকেই পুলিশের সঙ্গে যোগাযোগ করেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম।

এদিকে প্রসিকিউটর ফ্রাঁসোয়া মোলিন্স জানান, আঙুলের ছাপের মাধ্যমে তাকে শনাক্ত করা হয়েছে। সাতজনের সংঘবদ্ধ একটি দল এ হামলা চালায়। এদের মধ্যে ছয়জন ছিল আত্মঘাতী। বাকি একজন পুলিশের গুলিতে নিহত হন। ঘটনায় সন্দেহভাজন হিসেবে বেশ কয়েকজনকে ধরা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

গত শুক্রবার স্থানীয় সময় দিনগত রাতে ফ্রান্সের রাজধানী প্যারিসে আত্মঘাতি হামলা চালায় সন্ত্রাসীরা। এতে সবশেষ ১২৯ জন নিহতের খবর পাওয়া গেছে। এছাড়া আহত ৩৬২ জনের মধ্যে ৯৯ জনের অবস্থা গুরুতর।

হামলার পর দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেন প্রেসিডেন্ট। এ ঘটনায় ফ্রান্সজুড়ে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।

এআই