ইরাকে সুন্নী বিদ্রোহীদের হাতে রোববার আরেকটি শহরের পতন হয়েছে। পশ্চিমাঞ্চলীয় এ শহরটির নাম রুতবা। এ নিয়ে গত কয়েকদিনে চারটি শহরের পতন হলো সুন্নী বিদ্রোহী গোষ্ঠী ইসলামিক স্টেট ইন ইরাক এন্ড দ্যা লেভান্ত (আইএসআইএল)-এর হাতে। খবর বিবিসি'র।
রুতবা শহরটি জর্ডান সীমান্ত থেকে ১৫০ কিলোমিটার পূর্বে অবস্থিত। এদিকে, গত কয়েকদিনে পশ্চিমাঞ্চলীয় আরো দুটি শহর এবং সিরিয়া সীমান্তে একটি গুরুত্বপূর্ণ ক্রসিং দখল করে নিয়েছে আইএসআইএল-এর যোদ্ধারা।
রুতবার শহরটি আনবার প্রদেশে অবস্থিত। উল্লেখ্য, এই প্রদেশটি একসময় সুন্নীদের দখলে ছিল। আইএসআইএল আবারো শহরটিকে সুন্নীদের দখলে আনতে চায় বলে জানিয়েছে বিবিসি।
এদিকে, রোববার দেশটির উত্তরাঞ্চলীয় শহর তিকরিতে সরকারি বিমান হামলায় অন্তত ৪০ জন সুন্নী যোদ্ধা নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির সরকার। তবে, প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিমানের গোলা একটি পেট্রোল স্টেশনে আঘাত করলে অনেক বেসামরিক লোক নিহত হন।
এদিকে, প্রতিবেশী ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনী অভিযোগ করে বলেছেন, ইরাকে নিজের কর্তৃত্ব বজায় রাখতে চায় আমেরিকা। আমেরিকা এজন্য ইরাকে নিজের পছন্দের ব্যক্তিকে ক্ষমতায় বসাতে চায় বলেও অভিযোগ করেন তিনি।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি আকস্মিক এক সফরে মিশর গেছেন। ধারণা করা হচ্ছে মিশর থেকে তিনি ইরাকে সংক্ষিপ্ত এক সফরে যাবেন। আরো অধিকতর প্রতিনিধিত্বের ভিত্তিতে পার্লামেন্ট গঠনের জন্যে মালিকি সরকারের উপর তিনি চাপ সৃষ্টি করবেন বলে মনে করা হচ্ছে। এর ফলে, সুন্নী-শিয়া দ্বন্দ্ব হ্রাস পাবে বলে আমেরিকা মনে করছে। সূত্র: বিবিসি
ঢাকা, ২২ জুন (টাইমনিউজবিডি.কম) //এমএ





