লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইহুদিবাদী ইসরাইলের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, এরপর তেল আবিব আবার লেবাননের আগ্রাসন চালালে প্রতিটি ইসরাইলি সেনার জীবন ঝুঁকির মধ্যে পড়বে।
হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ সোমবার (০২ সেপ্টেম্বর) রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এই হুমকি দিয়েছেন।
তিনি বলেছেন, হিজবুল্লাহ’র যোদ্ধারা রোববার (০১ সেপ্টেম্বর) ইসরাইলি সামরিক যানে হামলা চালিয়ে তেল আবিবকে যে বার্তাটি দিয়েছে তা হলো-“তোমরা যদি হামলা করো তাহলে তোমাদের কোনো সীমান্ত এবং একজন সেনারও নিরাপত্তার গ্যারান্টি থাকবে না।”
তিনি স্পষ্ট করে বলেন, লেবাননে হামলা চালিয়ে নিরাপদে পালিয়ে যাওয়ার দিন ইসরাইলের জন্য শেষ হয়ে গেছে।
গত সপ্তাহে লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহর মিডিয়া সেন্টারে ড্রোন হামলা চালিয়েছিল ইসরাইল। জবাবে সাইয়্যেদ নাসরুল্লাহ নিশ্চিতভাবে প্রতিশোধমূলক হামলার প্রত্যয় জানিয়েছিলেন।
রোববার (০১ সেপ্টেম্বর) হিজবুল্লাহ যোদ্ধারা একটি ইসরাইলি সামরিক যানে হামলা চালিয়ে সাইয়্যেদ নাসরুল্লাহর হুমকি বাস্তবায়ন করে যাতে ওই যানের সকল আরোহী হতাহত হয়।
অবশ্য তেল আবিব দাবি করেছে, হিজবুল্লাহর ওই ক্ষেপণাস্ত্র হামলায় তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
গতকাল সোমবারের ভাষণে সাইয়্যেদ নাসরুল্লাহ আরও বলেন, “আমরা এ বিজয়ের জন্য মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি।” তিনি এই হামলা পরিচালনার জন্য হিজবুল্লাহ যোদ্ধাদের প্রশংসা করেন।
হিজবুল্লাহ মহাসচিব বলেন, ইহুদিবাদী ইসরাইল তার সীমারেখার ভেতরে হামলা না চালানোর ব্যাপারে যে ‘রেড লাইন’দিয়ে রেখেছিল এই হামলার মাধ্যমে তা ভেঙে দেয়া হয়েছে।
তেল আবিবকে উদ্দেশ করে হিজবুল্লাহ মহাসচিব বলেন, এখন থেকে তোমরা ১ সেপ্টেম্বর তারিখটির কথা মনে রেখো; কারণ, এই দিনে তোমাদের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ সংগ্রামের নয়া অধ্যায় সূচিত হয়েছে।
এমবি





