বিশ্বের সবচেয়ে মোটা মানুষের স্বীকৃতি পাওয়া মেক্সিকোর বাসিন্দা ম্যানুয়েল উরিবে সোমবার মারা গেছেন। উরিবের বয়স হয়েছিল ৪৮ বছর। ১২৩০ পাউন্ড ওজনের মালিক হয়ে ২০০৬ সালে পৃথিবীর সবচেয়ে মোটা মানুষ হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছিলেন উরিবে। এরপরে ৩৬৩ পাউন্ড ওজন কমিয়ে উরিবে ৮৬৭ পাউন্ডে আনেন।[img]http://www.timenewsbd.com/contents/public/201405/1401194772.jpg[/img] দেশটির নুভো লিওন রাজ্যের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উরিবের মৃত্যুর কথা নিশ্চিত করেন। স্বাস্থ্য বিভাগের একজন কর্মকর্তা জানান হৃদস্পন্দনে অস্বাভাবিকতা দেখা দেওয়ায় ২ মে হাসপাতালে নেওয়া হয়েছিল উরিবেকে। ক্রেন ব্যবহার করে জরুরি ও বেসামরিক প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা হাসপাতালে নেন উরিবেকে। তবে ঠিক কি কারণে তার মৃত্যু হয়েছে সে বিষয়টি জানাননি চিকিৎসকরা। ধারণা করা হচ্ছে হৃৎযন্ত্র ও যকৃতের সমস্যার কারণেই মারা গেছেন তিনি। কয়েক বছর ধরেই নিজে নিজে হাঁটাচলা করার ক্ষমতা হারিয়ে ফেলেছিলেন উড়িবে। মেক্সিকোর মনট্রে শহরে নিজের বিছানাতেই শুয়ে থাকতে হতো তাকে। ২০০৮ সালে ক্লদিয়া সোলিস নামের এক নারীকে বিয়ে করেন উরিবে। বিয়ের আগে আগে খাদ্য তালিকা অনুসরণ, ব্যায়াম ও চিকিৎসকের পরামর্শ মেনে উরিবে প্রায় ৫৫০ পাউন্ড ওজন কমিয়েছিলেন। অনেক বছর পর এই অনুষ্ঠানে অংশ নিতেই বাড়ির বাইরে গিয়েছিলেন উরিবে। পায়ে হেঁটে বিয়ের অনুষ্ঠানে অংশ নেওয়ার ইচ্ছে থাকলেও সমান্তরাল বিছানার মতো ট্রাকে চড়েই বিয়ের অনুষ্ঠান সারতে হয় তাকে। বিয়ের পরে নববধূর সঙ্গে নাচে অংশ না নিতে পেরে দুঃখ পেলেও, বিয়ের কেকের স্বাদ নিতে পিছপা হননি তিনি। ছোট বেলা থেকেই উরিবের স্বাস্থ্য ভাল থাকলেও কৈশোরে তার স্থূলতা সমস্যা ভয়ঙ্কর রূপ নিতে থাকে। এ সময় তার ওজন ছিল ২৫০ পাউন্ড। ১৯৯২ সাল থেকেই তার ওজন ক্রমাগত বাড়তেই থাকে। তবে ২০০২ সাল থেকেই অতিরিক্ত ওজনের কারণে শয্যাশায়ী হয়ে পড়েন উরিবে। এ সময় খাদ্যগ্রহণ ও অন্যান্য কাজে উরিবের মা ও তার বন্ধুরা তাকে সাহায্য করতেন। সূত্র: এনডিটিভি