বাড়ি পাওয়ার আশায় চীনের একটি গ্রামে ডিভোর্সের হিড়িক পড়েছে। বেশি ক্ষতিপূরণ পাওয়ার আশায় গণহারে এ বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছে ওই গ্রামের মানুষ।
পূর্ব চীনের প্রত্যন্ত জিয়াংসু প্রদেশের জিয়াংবেই গ্রামে এমন কাণ্ড ঘটছে। খবর বিবিসি'র।
জানা গেছে, জিয়াংসু প্রদেশের ওই গ্রামটিকে ভেঙে উচ্চতর আধুনিক প্রযুক্তির এক এলাকা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকার গ্রামের পুরনো সব স্থাপনা ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে।
সরকারের এ সিদ্ধান্তের পর এই দম্পতিরা হিসেব করে দেখেছেন, তারা যদি আলাদা আলাদাভাবে আবেদন করেন, তাহলে ক্ষতিপূরণ হিসেবে দুটি বাড়ি পেতে পারেন। এ ক্ষেত্রে তারা পেতে পারেন অতিরিক্ত আরও ১৯,০০০ ডলার।
এ সুবিধা পেতে যেসব দম্পতি বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছে, তাদের মধ্যে কারো কারো বয়স ৮০ বছরেরও বেশি। গ্রামটিতে এসব পরিবার কয়েক প্রজন্ম ধরে বসবাস করছে।
এদিকে ডিভোর্সের সহায়তার জন্যে গড়ে উঠেছে স্থানীয় কিছু আইনি প্রতিষ্ঠানও। বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া সম্পন্ন করার জন্যে তারা একেক দম্পতির কাছ থেকে নিচ্ছে ২,০০০ ডলার।
অনেক দম্পতিই বলছেন, আপাতত তারা ডিভোর্স নিচ্ছেন। বাড়ি পেয়ে যাওয়ার পর তারা পুনরায় বিয়ে করে ফেলবেন।
মাহমুদ





