ইসরাইলি হামলায় বিধ্বস্ত গাজার পুনর্গঠনে ২১২ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেয়ার অঙ্গীকার করেছে আমেরিকা। রোববার কায়রোতে অনুষ্ঠিত দাতা দেশগুলোর বৈঠকে আমেরিকা এ অর্থ সহায়তার প্রতিশ্রুতি দেয়। খবর বিবিসির।
৫০ দিনের ইসরাইলি আগ্রাসনে ক্ষত-বিক্ষত গাজার পুনর্গঠনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ৪০০ কোটি মার্কিন ডলার সহায়তা চেয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। এর মধ্যে আমেরিকা ২১.২ কোটি মার্কিন ডলার দেয়ার প্রতিশ্রুতি দিল।
ইসরাইলের স্থল ও বিমান হামলায় অন্তত এক লাখ গাজাবাসী বাড়িঘর ছাড়তে বাধ্য হন। ৫০ দিনের হামলায় নিহত হন দুই হাজারের বেশি গাজাবাসী ফিলিস্তিনি। আহত হন নয় হাজারেরও বেশি। হামাসের প্রতিরোধে ৬৭ ইসরাইলিও নিহত হয়, যার ৬৪ জনই সেনা সদস্য। অনেক বাড়িঘর, হাসপাতাল, শিক্ষা-প্রতিষ্ঠান ও অবকাঠামো বিধ্বস্ত হয়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
এরপর গাজার হামাস যোদ্ধাগোষ্ঠী ও ইসরাইলের মধ্যে এক অস্থায়ী যুদ্ধবিরতির মাধ্যমে গাজা আগ্রাসন বন্ধ হয়। তবে, দুই পক্ষ একটি দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতিতে পৌঁছাতে পারছে না। এ লক্ষ্যে মিশরের কায়রোয় দফায় দফায় বৈঠক হলেও এখনো পর্যন্ত দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি চুক্তি হয়নি। সূত্র: বিবিসি
এসএমএ





