সম্প্রতি ভারত-পাকিস্তানে বিরাজ করছে টানটান উত্তেজনা। বৈরি সম্পর্কটা আরো ঘনীভূত হলো কাশ্মির ইস্যু নিয়ে। একে অপরকে কোনোভাবেই ছাড় দিচ্ছে না। কথাই লড়াইয়ে মেতে উঠেছেন দুই দেশের রাজনীতিবিদ থেকে শুরু করে ক্রিকেটারাও। জাভেদ মিয়াঁদাদের পর তর্কে জড়ালেন তারকা অলরাউন্ডার শহীদ খান আফ্রিদিও।

আফ্রিদি পাকিস্তানি পাঠানদের হুমকি দিলেন, আর মিয়াঁদাদের ভাষাটা তো আরো কঠিন। পাকিস্তানের এক টিভি সাক্ষাৎকারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একহাত নিলেন মিয়াঁদাদ। তাকে ‘মুডি’ বলা থেকে শুরু করে মোদী কোন পরিবেশে মানুষ হয়েছেন- নানা আপত্তিকর মন্তব্য করেন পাকিস্তানের সাবেক অধিনায়ক।

তিনি বলেন, ‘বহুবার আমি ভারত সফরে গিয়েছি। ওখানকার সাধারণ মানুষ অত্যন্ত ভালো। কিন্তু মোদী এমন একটি ডিম, যার বাবা ও মায়ের কোনো ঠিকানা নেই। ও জানে না এর পরিণাম কী হতে পারে।’

এবার মিয়াঁদাদের জবাব দিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি অনুরাগ ঠাকুর। বলেন, ‘১৯৬৫, ১৯৭১ আর কার্গিল যুদ্ধে পাওয়া মানসিক আঘাত এখনও কাটিয়ে উঠতে পারেনি পাকিস্তান। মিয়াঁদাদের অবস্থাটাও এক।

বিশ্বকাপ ইতিহাসে ওর দেশ যে একবারও ভারতকে হারাতে পারেনি, সেই ধাক্কা বোধহয় এখনও ওকে ভোগাচ্ছে। যদি দরকার পড়ে, তা হলে পাকিস্তানকে আবার হারাবে ভারত। সেটা যুদ্ধক্ষেত্রে হতে পারে, ক্রিকেট মাঠেও হতে পারে।’

মিয়াঁদাদ যেমন মোদীর পারিবারিক ইতিহাস টেনেছেন, তেমনি মিয়াঁদাদের পারিবারিক ইতিহাস টানলেন অনুরাগ। তিনি প্রশ্ন করেন, দাউদ ইব্রাহিমের মেয়েকে কেন বিয়ে করেছেন মিয়াঁদাদের ছেলে? অনুরাগের ভাষায়, ‘মিয়াঁদাদ যদি নিজের দেশের মানুষ নিয়ে এতটাই আত্মবিশ্বাসী হন, তা হলে উনি বলুন না দাউদ ইব্রাহিমকে ভারতে ফিরে আসতে। উনি সেটা করছেন না কেন? আমরা বরাবর পাকিস্তানকে হারিয়ে এসেছি। ভবিষ্যতেও হারাবো।’


এমএনজে