আগামী ৩০ সেপ্টেম্বর ২০১৬ থেকে কানাডিয়ান দ্বৈত নাগরিকদের জন্য চালু হতে যাচ্ছে নতুন আইন। আর এই আইন হচ্ছে, যাদের দ্বৈত নাগরিকত্ব আছে, তাদেরকে অন্য কোনো দেশ থেকে ফিরে আসার সময় অবশ্যই কানাডার পাসপোর্ট ব্যবহার করতে হবে।
কানাডিয়ান পাসপোর্ট না থাকলে তাদেরকে কানাডায় প্রবেশ করতে দেয়া হবে না। বাংলাদেশি কানাডিয়ানরাও এই আইনের আওতায় পড়বেন যেহেতু তাদের দ্বৈত নাগরিকত্ব রয়েছে।
টরস্টার নিউজ সার্ভিস থেকে জানা যায়, নতুন এই বিধি শুরু করা হচ্ছে ইলেক্ট্রনিক স্ক্রিনিং সিস্টেমের মাধ্যমে বর্ডার সিকিউরিটি সিস্টেম উন্নত করা ও বিমানবন্দরে যাত্রী পারাপারের কাজ ত্বরান্বিত করার লক্ষ্যে। তবে জাস্টিন সরকারের এই নতুন আইন নিয়ে ইতিমধ্যেই অভিযোগ ও হতাশা ব্যক্ত করেছে। অনেকেই মনে করেন, দ্বৈত নাগরিকদের জন্য এটি একটি বৈষম্যমূলক আইন।
জানা যায়, বর্তমানে দ্বৈত নাগরিকেরা অন্যদেশ থেকে বিমানে করে কানাডায় ফেরত আসার সময় তাদের নিজ নিজ দেশের (যে দেশ থেকে তারা কানাডায় এসে নাগরিকত্ব গ্রহণ করেছেন) পাসপোর্ট ব্যবহার করতে পারেন। অথবা যে সকল কানাডিয়ান অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করেছন তারাও ঐ দেশের পাসপোর্ট ব্যবহার করে কানাডায় প্রবেশ করতে পারেন। তবে কানাডায় প্রবেশের সময় তাদের সাথে কানাডার নাগরিকত্বের প্রমাণপত্র যেমন ড্রাইভার্স লাইসেন্স বা কানাডিয়ান সিটিজেনশীপ কার্ড থাকতে হবে।
উল্লেখ্য, ২০১১ সালের আদমশুমারী অনুয়ায়ী কানাডায় দ্বৈত নাগরিকের হার শতকরা ২.৯ ভাগ। সংখ্যার হিসাবে ৯৪৪,৭০০ জন।
এসএ





