ইসরাইলবিরোধী আন্তর্জাতিক সামাজিক আন্দোলন ‘বয়কট ডিভাস্টমেন্ট স্যাংশন্স’ (বিডিএস)কে চলতি বছর নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছেন নরওয়ের একজন পার্লামেন্ট সদস্য।

দেশটির পার্লামেন্ট সদস্য জুরিনার মোক্সনেস রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেছেন, ন্যায়বিচার ও মর্যাদা অর্জন এবং দখলদার ইসরাইলের কবল থেকে স্বাধীনতা লাভের জন্য ফিলিস্তিনি জনগণ যে সংগ্রাম করছে তার প্রতি সংহতি প্রদর্শন করে ইহুদিবাদবিরোধী আন্তর্জাতিক আন্দোলন ‘বিডিএস’কে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনিদের পাশাপাশি মধ্যপ্রাচ্যের সব মানুষকে শান্তিপূর্ণ জীবন উপহার দেয়ার লক্ষ্যে আন্তর্জাতিক সমাজ যে প্রতিশ্রুতিবদ্ধ সে বিষয়টি শক্তিশালীভাবে ফুটিয়ে তোলার লক্ষ্যে ‘বিডিএস’কে ২০১৮ সালের নোবেল শান্তি পুরস্কার দেয়ার জন্য মনোনীত করা হয়েছে।

ফিলিস্তিনি জনগণের জন্য স্বাধীনতা, সাম্য ও শান্তির দাবিতে অহিংস আন্দোলন করছে আন্তর্জাতিক আন্দোলন বয়কট, ডাইভেস্টমেন্ট অ্যান্ড স্যাংশন্স বা বিডিএস।

দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী অহিংস আন্দোলন থেকে উদ্বুদ্ধ হয়ে ১১ বছর আগে বিডিএস প্রতিষ্ঠিত হয়। সংস্থাটি এরই মধ্যে বিশ্বের প্রায় ৫০টি দেশের বিভিন্ন ইউনিয়ন, সংস্থা, বিশ্ববিদ্যালয়ের সংগঠন ও গির্জাসহ আরো নানা মানবাধিকার আন্দোলনের সমর্থন লাভ করেছে।

এই আন্দোলন অধিকৃত ফিলিস্তিনে ইহুদি বসতি নির্মাণ এবং ইসরাইল সরকারের প্রতি পাশ্চাত্যের সমর্থনের ঘোর বিরোধিতা করছে। সেই সঙ্গে ফিলিস্তিনবিষয়ক সব আন্তর্জাতিক আইন বাস্তবায়নে ইসরাইলকে বাধ্য করতে চাপ প্রয়োগের দাবি জানাচ্ছে।

এএস