নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত বোকো হারামের সদর দপ্তর হিসেবে পরিচিত গোজা শহরটি দখলে নেয়ার দাবি করেছে দেশটির সেনাবাহিনী। দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র একদিন আগে এই দাবি করলো সেনাবাহিনী। খবর বিবিসির।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, অভিযানে বেশ কয়েকজন বোকো হারাম যোদ্ধা নিহত ও অনেককে আটক করা হয়েছে। শহরের বিভিন্ন অঞ্চলে এবং আশপাশে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে সেনাবাহিনী।
গোজা সেনাবাহিনীর দখলে এসে থাকলে এটিই হচ্ছে সাম্প্রতিক সময়ে বোকো হারামের বিরুদ্ধে সেনাবাহিনীর সবচেয়ে বড় সফলতা। সাম্প্রতিক দিনগুলোতে বেশ কয়েকটি অভিযানে সফল হয়েছে সেনাবাহিনী। মাত্র কয়েকদিন আগেই সেনাবাহিনী জানিয়েছিল, বোকো হারামের দখলে থাকা ১৪টি জেলার মধ্যে ১১টি জেলাই মুক্ত করা হয়েছে। বোকো হারামের দখলে থেকে যাওয়া বাকি ৩টি জেলার মধ্যে গোজাও ছিল একটি।
২০১৪ সালে গোজা দখল করে নেয় বোকো হারাম। গোজা দখলের পর এখান থেকেই এই অঞ্চলে খিলাফত ঘোষণা করেন বোকো হারামের প্রধান। গোজা শহরটি চিবুক শহর থেকে খুব বেশি দূরে নয়। উল্লেখ্য, গত বছরের এপ্রিলে এই চিবুক এলাকা থেকেই দুই শতাধিক স্কুলছাত্রীকে অপহরণ করেছিল।
এমএ





