সেতুর ধারে দাঁড়িয়ে সেলফি তুলে গিয়ে নিচে পড়ে এক রুশ তরুণীর মৃত্যু হয়েছে। তার নাম আনা কারুপেনিকোভা।
২১ বছর বয়সী আনা কারুপেনিকোভা বন্ধুর জন্মদিন উপলক্ষে মস্কো লাগোয়া টুরিস্ট স্পটগুলিতে সদলবলে বেড়াতে গিয়েছিলেন।
একটি সেতুর ধারে দাঁড়িয়ে সেলফি তুলছিলেন আনা। সেতুর রেলিং ভেঙে নিচে পড়ে যান তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
আনা ট্যুরিজমের ওপর স্নাতক করেছিলেন। বন্ধুর জন্মদিনে তারা সবাই বাসে করে ঘুরতে গিয়েছিলেন।
আনার বন্ধুদের মধ্যে একজন অ্যানটন। তিনি বলেন, ‘আনা ছিল খুবই শান্ত স্বভাবের। কিন্তু সব সময় উৎফুল্ল।’
অ্যানটন বলেন, ‘হঠাৎ একজন বলে উঠল- আনা নিচে পড়ে গেছে। প্রথমে আমি এটি কৌতুক মনে করেছিলাম। এরপর আমি নিজে গিয়েই দেখলাম লোকজন ব্রিজের নিচে আনার মরদেহ ঘিরে জড়ো হয়েছেন।’
স্থানীয় গণমাধ্যম খবর দিয়েছে, আনা অতিরিক্ত অ্যালকোহল নিয়েছিলেন কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। যদিও আনার বন্ধুরা বলেছেন, বাসে তারা কেউ মদ খাননি।
চলতি বছরে রাশিয়ায় সেলফি তুলতে গিয়ে ১০ জন মারা গেছেন। একই কারণে দুর্ঘটনার শিকার হয়ে আহত হয়েছেন শতাধিক। এরপর রাশিয়াতে সেলফি নিয়ে সতর্ক করার জন্য সরকার একটি ক্যাম্পেইন শুরু করেছে।সূত্র: দ্য হিন্দু
এমআর





