জাপানে ইসলামিক স্টেট (আইএস) স্টাইলে গলাকেটে ১৩ বছর বয়সী এক স্কুলছাত্রের শিরচ্ছেদ করা হয়েছে। এ ঘটনায় এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় কয়েকটি গণমাধ্যম এ কথা জানিয়েছে বলে খবর প্রকাশ করেছে এএফপি।

গত শুক্রবার একটি নদীর কাছে ঝোঁপঝাড়ের মধ্যে রিয়োতা উয়েমুরার নগ্ন মৃতদেহ পাওয়া গেছে। তার গলায় কয়েকবার কোপানো হয়। মৃতদেহের পাশে একটি রক্তমাখা ছুরি পাওয়া যায়। এটি দিয়েই নৃশংস হত্যাকান্ড ঘটানো হয় বলে ধারণা করা হচ্ছে।

জনপ্রিয় সাপ্তাহিক পত্রিকা শুকান শিনচো জানায়, হত্যাকারী রিয়োতার শিরচ্ছেদ করার চেষ্টা করে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

পুলিশের এক অজ্ঞাতনামা ঘনিষ্ট সূত্রের বরাত দিয়ে পত্রিকাটি জানায়, তদন্ত কর্মকর্তারা সন্দেহ করছেন অপরাধীরা ইন্টারনেটে ইসলামিক স্টেট (আইএস) যোদ্ধাদের হাতে জিম্মিদের শিরচ্ছেদের ভিডিও দেখে তাদের অনুকরণ করতে চেয়েছে।

জাপান এখনো তাদের দুই নাগরিকের নির্মম হত্যাকাণ্ডের আঘাত কাটিয়ে উঠতে পারেনি। সিরিয়ায় আইএস রনাঙ্গণ সংবাদিক কেনজি গোতো ও তার বন্ধু হারুনা ইয়ুকাওয়াকে নৃশংসভাবে শিরচ্ছেদ করে হত্যা করে।

সরকারি টিভি চ্যানেল এনএইচকে ও আরো কয়েকটি সংবাদ মাধ্যম জানায়, শুক্রবার কানাগাওয়া পুলিশ ১৮ বছর বয়সী ওই কিশোরকে এই হত্যাকান্ডের সঙ্গে জড়িত সন্দেহ গ্রেফতার করে। আইনগতভাবে সে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার নাম প্রকাশ করা হয়নি।

গণমাধ্যমের খবরে বলা হয়েছে, জুনিয়র হাই স্কুলের ছাত্র রিয়োতা সন্দেহভাজনকে চিনতো। তারা আগেও তার ওপর হামলা চালিয়েছে।

জেডআই