চলমান সংকটে ইরাকে ২২ মাসে প্রায় ১৯ হাজার বেসামরিক লোক নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩৬ হাজারেরও বেশি। এছাড়া ঘরছাড়া হয়েছে ৩২ লাখ মানুষ।জাতিসংঘের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা ইউএনএইচআর নতুন এ প্রতিবেদন প্রকাশ করে। এতে ২০১৪ সালের ১ জানুয়ারি থেকে ২০১৫ সালের ৩১ অক্টোবর পর্যন্ত ঘটনাবলী নথীভুক্ত করা হয়েছে।
প্রতিবেদনে ইউএনএইচআর জানিয়েছে, এই ২২ মাসে ইরাকে ১৮ হাজার ৮০২ জন বেসামরিক লোক নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩৬ হাজার ২৪৫ জন। আর ঘর ছাড়তে বাধ্য হয়েছেন ৩২ লাখ মানুষ।
এর মধ্যে গত বছরের ১ মে থেকে ৩১ অক্টোবর পর্যন্তই নিহত হয়েছেন ৩ হাজার ৮৫৫ জন। আর আহত হয়েছেন ৭ হাজার ৫৬ জন।
এসব হতাহতের ঘটনায় জাতিসংঘ জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটকেই (আইএস) দায়ী করেছে। এছাড়া স্থানীয় বাহিনী, মিলিশিয়া ও কুর্দি যোদ্ধাদেরও দায়ী করা হয়েছে।
ইউএনএইচআর বলছে, এই ২২ মাসে সাড়ে তিন হাজার নারী ও শিশুকে দাস-দাসী হিসেবে বন্দি করেছে আইএস।
এমএম





