ইসলামিক স্টেটের (আইএস) দখল করে নেওয়া তুরস্ক সীমান্তবর্তী সিরিয়ার তাল আবায়িদ শহর পুনর্দখল করেছে সিরীয় কুর্দি বাহিনী। কুর্দিস পপুলার প্রোকেটশন ইউনিট নামে সংগঠনের সশস্ত্র যোদ্ধারা তাল আবায়িদ শহরে হামলা চালিয়ে আইএস জঙ্গিদের হটিয়ে দেয়।
কুর্দি যোদ্ধারা একই সঙ্গে আইএসের একটি সাপ্লাই রুট বিচ্ছিন্ন করে দেয়। সিরিয়ার উত্তরাঞ্চল থেকে জঙ্গিদের কথিত রাজধানী রাকায় যোগাযোগের প্রধান রুট এটি। এই রুট দিয়ে মালামাল সরবরাহ করে জঙ্গিরা।
এদিকে কুর্দি যোদ্ধা ও জঙ্গিদের মধ্যে তুমুল লড়াইয়ের কারণে কয়েক হাজার মানুষ প্রাণ বাঁচাতে তুরস্কের সীমান্তে আশ্রয় নেয়। ঘরবাড়ি ছেড়ে পালানোর সময় এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। সীমান্তের কাঁটাতার ভেঙে তুরস্কের সীমান্তাঞ্চলে ঢুকে যায় ভীত সন্ত্রস্ত লোকজন।
কুর্দি যোদ্ধাদের এই লড়াইয়ে সাহায্য করেছে সিরিয়ার সরকারবিরোধী বিদ্রোহীরা, সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের আইএসবিরোধী বিমান হামলা। তাল আবায়িদ দখলের মধ্য দিয়ে তুরস্ক ও ইরাক সীমান্তবর্তী কুর্দিদের ছোট ছোট অঞ্চলগুলোতে তাদের নিয়ন্ত্রণ আরো শক্তিশালী হলো।
তাল আবায়িদ থেকে হুসেইন কোচার নামে এক কুর্দি যোদ্ধা বিবিসিকে জানিয়েছেন, শহরে যুদ্ধ শেষ হয়েছে। পুরো শহর এখন তাদের নিয়ন্ত্রণে।
তিনি আরো বলেন, ‘আমাদের লোকেরা জানে, উত্তর সিরিয়া থেকে আমরা আইএসের সব স্থাপনা পরিষ্কার করা শুরু করেছি।’
এমকে





