কলম্বিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২০ জন নিহত হয়েছে। নিহতরা দেশটির পুলিশ কর্মকর্তা বলে জানা গেছে।
বিবিসি অনলাইনের এক খবরে বুধবার এ তথ্য জানানো হয়েছে।
কলম্বিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের একটি জঙ্গলে মাদকসন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। মাদক পাচারগোষ্ঠী উসুগা ক্লানের এক জ্যেষ্ঠ নেতাকে ধরতে অভিযানে যায় পুলিশ।
অ্যান্টিকুইয়া পর্বত এলাকায় পুলিশের ব্লাক হক হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এতে নিহত ছাড়াও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে। তাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।
তবে বিধ্বস্তের কারণ এখনো জানা যায়নি। হেলিকপ্টারটি ভূপাতিতও করা হতে পারে।
কলম্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী লুইস কার্লোস ভিলেগাস মনে জানিয়েছেন, বৈরী আবহাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে পুলিশের ধারণা, যান্ত্রিক ত্রুটির কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে।
প্রথম দিকে বলা হচ্ছিল, হেলিকপ্টারটি হয়তো ভূপাতি করা হয়েছে। কিন্তু স্থানীয়রা বলছে, গুলি ছোড়ার কোনো শব্দ তারা শোনেনি। ফলে ঠিক কী কারণে সেটি বিধ্বস্ত হয়, তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বলতে পারছে না কর্তৃপক্ষ।
এমকে





