আম আদমি পার্টির (আপ) নেতা অরবিন্দ কেজরিওয়াল জামিনের টাকা দিতে অস্বীকার করায় তার কারাদণ্ডের মেয়াদ দু’সপ্তাহ বাড়ানো হয়েছে।
শুক্রবার দিল্লির একটি আদালতের বিচারক এ রায় দিয়ে বলেছেন,  নিজেকে নির্দোষ দাবি করে কেউই পার পেতে পারেন না। কেজরিওয়ালকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে। বিচারক কেজরিওয়ালকে বলেন, আপনি মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন কাজেই আদালতে কাণ্ডজ্ঞানের পরিচয় দেবেন বলে আশা করছি।
বিজেপির সাবেক সভাপতি নীতিন গাড়কারির দায়ের করা মানহানির মামলার শুনানি শেষে গত বুধবার দিল্লির পাতিয়ালা আদালতের বিচারক গোমতি মনোচা জামিন বাবদ কেজরিওয়ালকে ১০ হাজার রুপি দেয়ার নির্দেশ দেন। কিন্তু দিল্লির সাবেক এই মুখ্যমন্ত্রী ১০ হাজার রুপির বিনিময়ে জামিন নিতে অস্বীকৃতি জানান। শুনানিতে তিনি বলেন, "এটি একটি রাজনৈতিক মামলা। আমি প্রয়োজনে জেলে যেতে প্রস্তুত কিন্তু কোনো শর্তযুক্ত জামিন চাই না।"
এরপরই কেজরিওয়ালকে বিচার বিভাগের হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। কিন্তু আজও আদালতে হাজির হয়ে জামিনের অর্থ দিতে অস্বীকার করলে  বিচারক মানোচা আবার কেজরিওয়ালকে আগামী মাসের ৬ তারিখ পর্যন্ত কারাগারে রাখার নির্দেশ দেন।
গত জানুয়ারি মাসের শেষদিকে ভারতের দুর্নীতিগ্রস্ত নেতা ও মন্ত্রীদের তালিকা প্রকাশ করেন আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল। রাহুল গান্ধী, পি চিদাম্বরম, সুশীল কুমার সিন্ধে, নিতিন গাড়কারিসহ ভারতের কংগ্রেস, বিজেপি ও অন্যান্য দলের বাঘা বাঘা নেতাদের নাম উঠে আসে ওই তালিকায়। এরপর কেজরিওয়ালকে তিন দিনের মধ্যে ক্ষমা চাইতে বলেন বিজেপি নেতা নীতিন গাড়কারি। কিন্তু কেজরিওয়াল ক্ষমা না চাওয়ায় তার বিরুদ্ধে মানহানির মামলা করেন বিজেপির এই শীর্ষস্থানীয় নেতা। সূত্র: এনডিটিভি
[b]ঢাকা, ২৪ মে (টাইমনিউজবিডি.কম) //এমএ[/b]