জাতিসংঘের শান্তি মিশনের আরও তিন সেনার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে।

তিন তরুণী দাবি করেছেন, মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে (সিএআর) তাদের ধর্ষণ করেছে ওই শান্তিরক্ষীরা।

বুধবার জাতিসংঘ এ তথ্য জানানোর পর বৃহস্পতিবার এ খবর দিয়েছে বার্ত সংস্থা এপি।

একই অভিযোগ উঠায় গত সপ্তাহে সিএআরের শান্তিমিশনের প্রধানকে প্রত্যাহার করে জাতিসংঘ। তিন তরুণীর অভিযোগ, বামারি শহরে তাদের ধর্ষণ করা হয়। ওই অঞ্চলে শান্তিমিশনে কঙ্গোর সৈনিকরা নিযুক্ত রয়েছেন।

কঙ্গোর জাতিসংঘ দূত ইগনাক গাটা মাভিটা ওয়া লুফুটা এপিকে বলেছেন, কঙ্গো সেনাবাহিনীর তিন সদস্যের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে।

অভিযোগ সম্পর্কে সুস্পষ্ট কোনো ধারণা না দিয়ে ওই দূত বলেন, এটা ‘স্বাভাবিক নয়’। তিনি বলেন, ‘অসহায় মানুষদের রক্ষার নামে তাদের শিকার বানাতে পারে না কেউ।’

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র ভ্যানিনা মিস্ট্রাসি সাংবাদিকদের বলেছেন, তিন তরুণীর পরিবার ১২ আগস্ট এই অভিযোগ করেছেন। এবং তারা বলেছেন, ‘সম্প্রতি কয়েক সপ্তাহের’ মধ্যেই এই ধর্ষণকাণ্ড ঘটেছে।

কেএইচ