গ্রিসের উপকূলে অগ্নিকাণ্ডের ঘটনায় আটকে পড়াদের মধ্য থেকে এ পর্যন্ত ৩৫৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনো ১২০ জন ফেরিতে আটকা রয়েছেন বলে জানিয়েছে ইতালীয় নৌবাহিনী। মারা গেছেন একজন। তবে, একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, মৃতের সংখ্যা আরো বেশি। সোমবার এ খবর জানিয়েছে রয়টার্স।
নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। আরও বলা হয়েছে, আটকে থাকা বাকি ২১৩ যাত্রী ও ক্রুদের উদ্ধারে একটি চিকিৎসক দল ও ফ্লাইট অপারেটরগণ কাজ করছে।
প্রতিকূল আবহাওয়ার কারণে বাধাগ্রস্ত হওয়া সত্ত্বেও উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে ইতালীয় ও গ্রিক হেলিকপ্টার। এর আগে অন্যান্য জাহাজ থেকে পানি ছোড়ার মাধ্যমে ফেরির আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
এ অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত একজন নিহত ও চারজন আহত হয়েছে। গ্রিসের পাত্রাস বন্দর থেকে ইতালির আনকোনার উদ্দেশ্যে রবিবার রওয়ানা হয়েছিল ফেরিটি। ফেরিটিতে ২২২টি গাড়ি, ৪২২ যাত্রী ও ৫৬ ক্রুসহ মোট ৪৭৮ আরোহী ছিল।
গ্রিক দ্বীপ কর্ফু থেকে ৪৪ নটিক্যাল মাইল উত্তর-পশ্চিমে অবস্থানের সময় ফেরিটিতে আগুন লাগে। এখন পর্যন্ত আগুন লাগার প্রকৃত কারণ জানা যায়নি।এ ঘটনার পর থেকে যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে ইতালি ও গ্রিস।
এমএ





