বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, ইসরাইলি সেনাবাহিনী বৃহস্পতিবার সন্ধ্যায় দেইর এল-বালাহ শহরে দুটি বাড়িতে বোমা হামলা চালায়। গাজার স্বাস্থ্য কর্মকর্তারা নিশ্চিত করেছেন, নিহত ছয়জনের মধ্যে ১৬ বছর বয়সী এক নাবালকও রয়েছে।
ইসরাইলি সেনাবাহিনীর দাবি, নিহতদের মধ্যে একজন মুহাম্মদ আল-হাওলি, হামাসের সশস্ত্র শাখা কাসেম ব্রিগেডের একজন কমান্ডার ছিলেন।
গাজা সিটি থেকে আল জাজিরার ইব্রাহিম আল-খালিলি নিশ্চিত করেছেন, কাসেম ব্রিগেডের একজন সিনিয়র ব্যক্তি নিহত হয়েছেন।
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার রাফাহ শহরের পশ্চিমে আল-আলম চৌরাস্তার কাছে ইসরাইলি বাহিনীর গুলিতে কমপক্ষে একজন নিহত হয়েছেন। এছাড়া গাজা সিটির দক্ষিণ-পশ্চিমে আল-নাবলুসি জংশনের কাছে একটি পুলিশ পোস্টে ইসরাইলি হামলায় নিহত হন আরো একজন। মধ্য গাজার নুসাইরাত শরণার্থী শিবিরে ইসরাইলি বিমান হামলায় আরো দুইজন নিহত হয়।
হামাস আল-হাওলির বাড়িতে হামলাকে ‘ঘৃণ্য অপরাধ’ বলে নিন্দা জানিয়ে বলেছে, এটি অক্টোবরের যুদ্ধবিরতির প্রতি ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অবজ্ঞার বহিঃপ্রকাশ। তবে তাদের একজন কমান্ডারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেনি হামাস।
এনএইচ