ইসরাইলের পুলিশ স্বীকার করেছে, ৩ ইসরাইলি কিশোর অপহরণ ও হত্যার ঘটনায় ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস জড়িত ছিলো না। এ ঘটনার অজুহাতেই মূলত অধিকৃত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বিরুদ্ধে ভয়াবহ আগ্রাসন শুরু করে ইহুদিবাদী ইসরাইল। মানবতা বিরোধী এ আগ্রাসনের তিন সপ্তাহ পরে এ কথা স্বীকার করল পুলিশ।
বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে ইসরাইলি পুলিশের মুখপাত্র মিকি রোজেনফিল্ড বলেন, ৩ইহুদি কিশোরকে অপহরণের নির্দেশ হামাস দেয় নি। তিনি আরো বলেন,যারা এ তিন কিশোরকে হত্যা করেছে তাদের সঙ্গে হামাসের কোনো সম্পর্ক নেই।তারা নিজেরাই একক ভাবে এ কাজ করেছে বলে স্বীকার করেনমিকি রোজেনফিল্ড।
গত ১২ জুন ফিলিস্তিনের পশ্চিম তীর থেকে ইসরাইলের তিন কিশোর নিখোঁজ হওয়ার সঙ্গে হামাস জড়িত বলে ব্যাপক অভিযোগ তোলা হয়েছিল। হামাস একাধিকবার সে অভিযোগ নাকচ করে দিয়েছে। এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে মোহাম্মদ আবু খাজির নামে ১৬ বছরের এক কিশোরকে জীবন্ত পুড়িয়ে হত্যা করেছে ইহুদিবাদী ইসরাইলিরা।
এ ছাড়া,হামাস সদস্য ও ফিলিস্তিনি সংসদের স্পিকারসহ ফিলিস্তিনি নাগরিকদের ব্যাপক ধরপাকড় এবং অপহরণও করছে ইহুদিবাদি সেনারা। ফিলিস্তিনি শিশুরাও এ গ্রেফতারের হাত থেকে রক্ষা পায় নি। সূত্র: বিবিসি, আইআরআইবি।
ঢাকা, ২৬ জুলাই, টাইমনিউজবিডি.কম// টিআই





