নার্স নেত্রীর ইসমত আরা পারভীনের বদলি প্রত্যাহারে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে নার্সদের বিভিন্ন সংগঠন। ২৪ ঘন্টার মধ্যে বদলি প্রত্যাহার করা না হলে, দুই দিনের কর্মসূচি দেওয়া হয়েছে।
বাংলাদেশ নার্সেস ঐক্য পরিষদের ঢাকা মহানগরী আহবায়ক মো.ইকবাল হোসেন সবুজ সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ‘সোমবার সকাল থেকে মঙ্গলবার সকালের মধ্যে যদি তার বদলির আদেশ প্রত্যাহারের আল্টিমেটাম দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে প্রত্যাহার না করা হলে ২৭ ও ২৮ এপ্রিল সকল স্বাস্থ্য প্রতিষ্ঠানে বিক্ষোভ সমাবেশ করা হবে।’
তিনি আরো জানান, ‘নার্সিং সেক্টরে বিরাজমান সমস্যা সমাধানে আমরা ৯ দফা জানিয়েছি। এই দাবি বাস্তবায়ন না হলে ২৯ এপ্রিল সমাবেশের মাধ্যমে দাবি আদায়ে বৃহৎ কর্মসূচি দেওয়া হবে।’
এর আগে ইসমত আরা পারভীনের বদলির খবর শুনে রবিবার সন্ধ্যায় নার্সদের বিভিন্ন সংগঠন প্রতিবাদ সভা করে। সভায় বাংলাদেশে নার্সেস ঐক্য পরিষদের আহবায়ক ইসমত আরা পারভীন, সদস্য সচিব মো. মোস্তাফিজুর রহমান, স্বাধীনতা নার্সেস পরিষদের সভাপতি হাসনা বেগম,মহাসচিব জসিম উদ্দিন বাদশা, বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস এসোসিয়েসনের সভাপতি রিনা আক্তার, মহাসচিব ফারুক হোসেইন, বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট নার্সেস সোসাইটির মহাসচিব নাহিদা আক্তারসহ অনেকে।
বাংলাদেশে নার্সেস ঐক্য পরিষদের সদস্য সচিব মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত প্রতিবাদ সভার কার্যবিবরনীতে বলা হয়েছে, নার্সিং সেক্টরে বিরাজমান সমস্যা সমাধানে সংশ্লিষ্ট মন্ত্রণালয় নিজেদের ব্যর্থতা আড়াল করতেই ইসমত আরাকে বদলির আদেশ দিয়েছে। তাকে হয়রানিমূলক বদলি করায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করা হয়।
স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবির একদিন পরেই ২১ এপ্রিল ইসমত আরা পারভীনের বদলির আদেশ দেওয়া হয়। এর আদেশটি জারি করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পণা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব লুৎফর রহমান।
বদলি আদেশের আগ পর্যন্ত ইসমত আরা পারভীন রাজধনীর মহাখালীতে কলেজ অব নার্সিংয়ে প্রভাষক (নিজ বেতনে) পদে নিযুক্ত ছিলেন। তবে তার মূল পদ সিনিয়র স্টাফ নার্স।
গত ২০ এপ্রিল জতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলনরত বেকার নার্সদের দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করে নার্সিং সেক্টরে বিরাজমান সমস্যা সমাধানে ৯ দফা দাবি তুলে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেন ইসমত আরা পারভীন। এছাড়া স্বাস্থ্যমন্ত্রী বদলি বানিজ্য নিয়ে ব্যস্ত থাকেন বলে অভিযোগ তোলেন।
এমই





