বয়স ২০ হবার আগেই বিশ্বের প্রতি ১০ জন মেয়ে শিশুর একজন ধর্ষিত অথবা যৌন নির্যাতনের শিকার হয়। জাতিসংঘের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সারা পৃথিবীতে মোট ১২০ মিলিয়ন বা ১২ কোটি মেয়ে শিশু নির্যাতনের শিকার বলেও জানিয়েছে প্রতিবেদনটি। ১৯০টি দেশের তথ্য-উপাত্ত নিয়ে গবেষণা করে জাতিসংঘ এই প্রতিবেদন তৈরি করেছে।
একসঙ্গে এতগুলো দেশের তথ্যের উপর ভিত্তি করে শিশুদের বিষয়ে এমন কোন প্রতিবেদন এর আগে প্রকাশিত হয়নি।
বয়স, ধর্ম, গোত্র, দেশ বা অর্থনৈতিক শ্রেণী নির্বিশেষেই শিশুরা সহিংসতার শিকার হয় বলে মন্তব্য করেছেন জাতিসংঘের শিশু বিষয়ক প্রতিষ্ঠান ইউনিসেফ-এর নির্বাহী পরিচালক অ্যান্থনি লেক।
তিনি আরো জানিয়েছেন, প্রতিবেশী, আত্মীয়-স্বজন, শিক্ষক, অচেনা ব্যক্তি ছাড়াও এমনকি পরিবারের ঘনিষ্ঠ মানুষদের দ্বারাও এসব ঘটনা ঘটে।
ইউনিসেফ জানিয়েছে, কেবল ২০১২ সালেই মোট ৯৫ হাজার শিশু ও কিশোর- কিশোরী খুন হয়েছে।
আর এইসব খুনের ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে ল্যাটিন অ্যামেরিকা ও ক্যারিবিয় দেশগুলোতে।
জাতিসংঘের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২ থেকে ১৪ বছর বয়সী শিশুদের প্রতি দশজনের মধ্যে ৬ জনকেই শারীরিকভাবে শাস্তি দেয়া হয়।
আর এসব শিশুর অভিভাবক বা রক্ষণাবেক্ষণের দায়িত্বে যারা থাকেন তারাই এই শাস্তি দিয়ে থাকেন।
শিশু নির্যাতনের ঘটনা অনেক ক্ষেত্রেই অভিযোগ হিসেবে রিপোর্ট করা হয় না বলে প্রকৃত ঘটনার সংখ্যা প্রতিবেদনে উঠে আসা ঘটনার চাইতে অনেক বেশি বলেও জানিয়েছে ইউনিসেফ।
এ ছাড়া অনেক দেশে শিশুদের শাস্তি হিসেবে মারধোর করা সামাজিকভাবেই স্বীকৃত। সূত্র: বিবিসি বাংলা
ঢাকা, ০৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমএ





