ভারতীয়দের চকোলেট ছেড়ে ফুচকা খাওয়ার পরামর্শ দিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য রথীন রায়।

আর তার এ পরামর্শ লুফে নিলেন আরএসএসের স্বদেশী জাগরণ মঞ্চের জাতীয় সহআহ্বায়ক অশ্বিনী মহাজন।

রথীন খোলাখুলিই বলছেন, তার কাজ শুধুই উপদেশ দেয়া। শোনা না শোনা সরকারের কাজ। বড় বড় ঘোষণা হয়- অমুক হবে, তমুক হবে। কিন্তু কাজের কাজ কিছু হয় না। মেড ইন ইন্ডিয়াও ব্যর্থ। রিজার্ভ ব্যাংকও নিজেদের মধ্যে কথা বলে না। সমন্বয় বলে কিছু নেই।-খবর আনন্দবাজারপত্রিকা অনলাইনের।

দেশটির আরএসএসের স্বদেশী জাগরণ মঞ্চের নেতাও ঠিক একই কথা বলছেন। আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত টাকার দাম পড়েছে ৮ শতাংশ। গোটা বছরে ২০ শতাংশের বেশি। নীতি নির্মাতারা শুধু ভাবনাচিন্তাই করছেন। তার পরও অনেকে এখনও বলে চলেছেন- টাকার দাম নাকি আরও পড়া উচিত।

রথীনের ভাষ্য, সমাধানের তো একটিই পথ। ৩০০ শতাংশ রফতানি বাড়িয়ে ততটাই আমদানি কমানো। কিন্তু সেটা তো বাস্তবে করা যায় না। তাই সহজ কথায় বলা যায়— চকোলেট ছেড়ে ফুচকা খেতে হবে।

‘কারণ ফুচকা আগাগোড়া স্বদেশি। ময়দা, আলু, তেঁতুল তার উপাদান। আর চকোলেট যে-ই বানাক, তা বানাতে কোকো আনতে হবে ঘানা থেকে।’

অশ্বিনী মহাজন বাহবা দিয়ে বলেন, এটিই তো আমাদের স্বদেশী পথ। প্রধানমন্ত্রীর উপদেষ্টাও আমাদের কথাটাই বলছেন। কিন্তু সরকারিতন্ত্রে যাদের এ কথা ভাবা উচিত, তারা কী আমল দিচ্ছেন?