আমেরিকায় নিযুক্ত ভেনিজুয়েলার তিন কূটনীতিক বহিষ্কার করেছে ওয়াশিংটন। এ ঘটনার মধ্যদিয়ে দেশ দু’টির মধ্যে সম্পর্কের আরো অবনতি ঘটলো।
ভেনিজুয়েলা গত ১৭ ফেব্রুয়ারি আমেরিকার তিন কূটনীতিককে বহিষ্কার করার পর মার্কিন পররাষ্ট্র দপ্তর এ পদক্ষেপ নিল। ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন, বহিষ্কৃত মার্কিন কূটনীতিকরা তাকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল।
ভেনিজুয়েলার তিন কূটনীতিক বহিষ্কার সম্পর্কে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জেন সাকি বলেছেন, তাদেরকে আমেরিকায় অপ্রয়োজনীয় ঘোষণা করা হয়েছে এবং আমেরিকা ছেড়ে চলে যাওয়ার জন্য ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেয়া হয়েছে।আমেরিকা ও ভেনিজুয়েলার মধ্যে সম্পর্কের টানাপড়েনের কারণে দেশ দু’টি ২০১০ সাল থেকে রাষ্ট্রদূতবিহীন অবস্থায় রয়েছে। ‌ওই বছরে সাবেক প্রেসিডেন্ট হুগো চ্যাভেজ আমেরিকার মনোনীত রাষ্ট্রদূত গ্রহণে অস্বীকৃতি জানিয়েছিলেন। তারপর থেকে ভেনিজুয়েলা আটজন মার্কিন কূটনীতিক বহিষ্কার করেছে।  
ভেনিজুয়েলায় গত দু’সপ্তাহ ধরে সরকার-বিরোধী বিক্ষোভ চলছে এবং এতে ১৫ জন নিহত ও ১৫০ জন আহত হয়েছে। এসব ঘটনায় আমেরিকার উস্কানি রয়েছে বলে মনে করছে ভেনিজুয়েলার সরকার। সূত্র: আইআরআইবি
[b]ঢাকা, ২৬ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডিডটকম) // টিআই[/b]