ইসলামিক স্টেট (আইএস) যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে অন্তত ৩০ সিরিয়ান সেনা নিহত হয়েছেন।

লন্ডনভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজার্ভেটরি ফর হিউম্যান রাইটস বুধবার এ কথা জানিয়েছে।

সংস্থাটি জানায়, কেন্দ্রীয় হমস প্রদেশের একটি গ্যাস ফিল্ডের নিয়ন্ত্রণ নিয়ে উভয়পক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়।

গত জুলাই মাসে আইএস যোদ্ধারা শা’র নামক গ্যাস ফিল্ডের নিয়ন্ত্রণ নেয়। এর কয়েক দিন পর সেনাবাহিনী আবার সেটির পুনর্দখল নেয়।

সে সময় ওই গ্যাস ফিল্ডের নিয়ন্ত্রণ নিয়ে যে সংঘর্ষ হয় তাতে উভয়পক্ষের প্রায় সাড়ে তিন'শ লোক নিহত হন।

সংস্থাটির মতে, সিরিয়ার ভয়াবহ সংঘর্ষগুলোর মধ্যে এটি অন্যতম। মঙ্গলবার রাতভর উভয়পক্ষের মধ্যে ওই সংঘর্ষ হয়।

এতে ইসলামিক স্টেট যোদ্ধারা সরকারি ও সরকার সমর্থিত অন্তত ৩০ যোদ্ধাকে হত্যা করে বলে জানায় সংস্থাটি।

প্রসঙ্গত, আইএস যোদ্ধারা ইরাক ও সিরিয়ার বেশকিছু অঞ্চলের দখল নিয়ে সেখানে ইসলামি খেলাফত প্রতিষ্ঠার ঘোষণা দেয়।

এ লক্ষ্যে তারা দেশ দুটির গুরুত্বপূর্ণ স্থাপনার নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে। সরকারি সেনা ও আইএস যোদ্ধাদের মধ্যকার সংঘর্ষে ইতোমধ্যে কয়েকশ লোক নিহত হয়েছে। সূত্র: রয়টার্স/সিনহুয়া।

ইআর