ফিলিস্তিনে জাতিসংঘের ত্রান সংগঠন- ইউনাইটেড নেশনস রিলিফস এ্যান্ড ওয়ার্কস এজেন্সি ফর প্যালেসটাইন রেফিউজিস (The United Nations Relief and Works Agency for Palestinian refugees - UNRWA) বলেছে, গাজায় চলমান ইসরাইলি নারকীয় আগ্রাসনে এ পর্যন্ত তাদের ৯ কর্মকর্তা নিহত হয়েছেন।

সংগঠনটি এক বিবৃতিতে বলেছে গত ছয় বছরে তৃতীয়বারের মতো গাজায় বড় ধরনের ইসরাইলি ধ্বংসযজ্ঞ চালানোর সময় যারা নিহত হয়েছেন তাদের তালিকায় জাতিসংঘের ওই ৯ কর্মকর্তাও রয়েছেন।

ইউ এন আর ডব্লিউ এ-এর ডিরেক্টর রবার্ট টার্নার জাতিসংঘের এই ৯ কর্মকর্তা নিহতের ঘটনাকে বেদনাদায়ক হিসেবে উল্লেখ করে বলেন, এই আঘাত কখনো ভুলে যাওয়া যাবে না।

টার্নার বলেন, ইসরাইলি আগ্রাসন শুরুর পর থেকেই আমরা সব পক্ষকে বার বার বলে আসছি, যে কোন সামরিক হামলার লক্ষ্য ঠিক করার আগে অবশ্যই জাতিসংঘের সেবামূলক যেসব প্রতিষ্ঠান ওই এলাকায় কাজ করছে, তাদের অবস্থানের ব্যাপারে যেন সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়।

তিনি আরও বলেন, ত্রান কার্যক্রমসহ জাতিসংঘের যেসব অফিস গাজায় রয়েছে তার অবস্থানের বিষয়ে ইসরাইলকে একাধিকবার পরিস্কারভাবে জানিয়ে দেয়া হয়েছে। কিন্তু তারপরও কিভাবে একের পর এক ইসরাইলি হামলার শিকার হচ্ছে এসব অফিস তা আমার বুঝে আসে না।

উল্লেখ্য, গত রোববারও জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে হামলা চালিয়ে দখলদার ইসরাইল অন্তত ১০ বেসামরিক ফিলিস্তিনি উদ্বাস্তুকে হত্যা করেছে। এতে আহত হয়েছে আরও বেশ কয়েকজন। ওই স্কুলটিতে ইসরাইলি আগ্রাসনে গৃহহারা প্রায় ৩ হাজার সাধারণ ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিলেন।

গত ৮ জুলাই থেকে ফিলিস্তিনে চলমান ইসরাইলি গণহত্যায় এ পর্যন্ত অন্তত ১৮২২ ব্যাক্তি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪০০ শিশুসহ বেশিরভাগই নারী ও বৃদ্ধ। এছাড়া দখলদার ইহুদীবাদী সেনাদের হামলায় আহত হয়েছেন আরও ৯হাজার ৪’শর বেশি ফিলিস্তিনি।

এদিকে, যায়নবাদী ইসরাইলি দখলদারদের বিরুদ্ধে ফিলিস্তিনে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের পাল্টা হামলায় তিন বেসামরিক ইহুদীসহ ৭০ সেনা সদস্য নিহত হওয়ার কথা স্বীকার করেছে ইসরাইল। তবে হামাসের সামরিক শাখা ইজ্জদিন আল কাসসাম ব্রিগেডের দাবি তাদের হাতে অন্তত ১৫০ দখলদার ইসরাইলি সেনা খতম হয়েছে। (সূত্র: প্রেসটিভি)

ঢাকা, ৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেবি