ফ্রান্স জাতীয় ক্রিকেট লীগ ২০১৮ চ্যাম্পিয়ন হয়েছে  'বাংলাদেশ ক্রিকেট ক্লাব, প্যারিস' ( বিসিসিপি )।

শনিবার প্যারিসের অদূরে গ্রীনি স্টেডিয়ামে তৃতীয় ডিভিশনে 'মন্তে লা জুলিয়ে ক্লাব'কে ৬ উইকেটে পরাজয় করে এ দুর্দান্ত বিজয় অর্জন করে বাংলাদেশ। এতে করে ২০১৯ সালের দ্বিতীয় ডিভিশনে খেলার যোগ্যতা অর্জন করে।

মন্তে লা জুলিয়ে ক্লাব টসে জিতে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১৫৪ রান করে। জবাবে বিসিসিপি মাত্র  ৪ উইকেটে ১৫৭ তুলে নেয়।  বোলিং - ব্যাটে বিশেষ নৈপুণ্যতার জন্য ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয় বিসিসিপি'র অধিনায়ক নাজিব উল্লাহ পিয়াস।

আগামী ৩০ সেপ্টেম্বর প্যারিসের লা দি ফ্রন্স স্টেডিয়ামে ম্যান অফ দ্যা টুর্নামেন্ট ঘোষণাসহ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিবেন ফ্রান্স ক্রিকেট বোর্ডের সভাপতি। খেলায় অংশগ্রহণকারী  ক্লাবগুলোর কর্মকর্তাসহ বিভিন্ন দেশের রাস্ট্রদূতগণ এতে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

বিপুল সংখ্যক বাংলাদেশী এ খেলা উৎসাহের সঙ্গে  উপভোগ করেন। এছাড়া বাংলাদেশ দূতাবাসের হেড অফ চ্যান্সলরি হযরত আলী খান,  বিসিসিপি ক্লাবের সভাপতি আজিজুল হক সুমন , সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান টিপু, বাংলাদেশ ইয়ুথ ক্লাবের সাধারণ সম্পাদক টি এম রেজা  প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,  এবারের লীগে ১২টি ক্লাব অংশগ্রহণ করে। এর আগে বিসিসিপি ২০১৪ চতুর্থ ও ২০১৫ সালে তৃতীয় ডিভিশনে চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় ডিভিশনে উত্তীর্ণ হয়। কিন্তু ২০১৭ সালে অংশ না নেয়ায় আবার তৃতীয় ডিভিশন থেকে শুরু করতে হয়েছে।  এবার চ্যাম্পিয়ন হওয়ায় আগামী ২০১৯ সালের ফ্রান্স জাতীয় ক্রিকেট লীগের দ্বিতীয় ডিভিশনে অংশগ্রহণ করবে।

কেবি