রাশিয়ার মুসলিম অধ্যুষিত এলাকা চেচনিয়ায় একটি চার্চে বন্দুকধারীদের হামলায় দুই পুলিশ কর্মকর্তাসহ একজন সাধারণ প্রার্থনাকারী নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও ২ জন।

পরে নিরাপত্তা বাহিনীর গুলিতে ৪ বন্দুকধারীই নিহত হয়েছে বলে জানায় পুলিশ।

দেশটির তাস সংবাদ সংস্থার এক প্রতিবেদনে বলা হয়েছে, তদন্ত কমিটি বিষয়টি খতিয়ে দেখছে। কমিটি বলেছে, হামলায় চারজন অংশ নেয়, যাদের কাছে বন্দুক ও ছুরি ছিল। তবে এখন পর্যন্ত এ হামলায় কেউ দায় স্বীকার করেনি।

তবে চেচনিয়া পুলিশের বরাত দিয়ে রাশিয়ার অপর গণমাধ্যম ইন্টারফ্যাক্স বলেছে, বন্দুকধারীদের কাছে কুঠার ও ককটেল ছিল।

রাশিয়া সমর্থিত চেচনিয়ার নেতা রমজান কাদিরভ বলেছেন, প্রদেশ রাজধানী গ্রোজনির আরচেঞ্জেল মাইকেল চার্চে ঢুকে বন্দুকধারীরা লোকজনকে জিম্মি করতে চেয়েছিল। নিরাপত্তা বাহিনীর অভিযানে সব হামলাকারী নিহত হয়েছে বলেও জানান তিনি।

চার্চের ফাদার সার্গি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা রিয়া নভোস্তিকে বলেন, বাইরে গুলির শব্দ শোনার সাথে সাথে চার্চের দরজা বন্ধ করে দেওয়া হয়। তবে বন্দুকধারীরা দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশের চেষ্টা করেও ব্যর্থ হয়।

প্রসঙ্গত, চেচনিয়ায় এমন সময় এ ধরনের হামলার ঘটনা ঘটল যখন আর কিছু দিন দেশটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ব ফুটবলের আসর। যদিও চেচনিয়ায় কোনো ম্যাচ অনুষ্ঠিত হবে না তারপরও এ ঘটনা নিরাপত্তা বাহিনীকে ভাবিয়ে তুলেছে।


জেড