অস্ত্র রাখার অভিযোগে এক মার্কিন পুলিশ কর্মকর্তাকে আটক করেছে ভারত। তার কাছ থেকে তিনটি বুলেট পাওয়া গেছে বলে ভারতীয় পুলিশ জানিয়েছে। তাকে গত মাসের শুরুর দিকে আটক করা হলেও গতকাল শুক্রবার আটকের খবর প্রকাশ করা হয়। শনিবার এ খবর জানিয়েছে এনডিটিভি।
ভারত জানিয়েছে, গত মাসে নয়াদিল্লিতে ভ্রমণের সময় ম্যানি এমকারন্যাসন নামের ওই পুলিশ কর্মকর্তাকে আটক করা হয়। তিনি নয়াদিল্লিতে তার  স্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছিলেন। নয়াদিল্লি থেকে ফিরে যাওয়ার সময় তার লাগেজে তল্লাশি করে তিনটি বুলেট পাওয়া যা। এরপর তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়। মামলাটি মীমাংসা না হওয়া পর্যন্ত তাকে নয়াদিল্লি না ছাড়ার নির্দেশ দিয়েছেন ভারতের আদালত।
এদিকে, নিউইয়র্ক পুলিশের উপ-প্রধান কিম রয়েস্টার জানিয়েছেন, তারা স্টেট ডিপার্টমেন্টের সাথে বিষয়টি নিয়ে কাজ করছেন। যাতে করে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আনীত অভিযোগটি মীমাংসা করা যায়।
এই ঘটনাকে ভারতের প্রতিক্রিয়ামূলক আচরণ বলে অভিহিত করেছে নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট। গত বছরের ডিসেম্বরে আমেরিকায় নিযুক্ত মার্কিন কনস্যুলেট দেবযানী খোবড়াগাড়েকে নিয়ে ব্যাপক তোলপাড় হয়ে যায়। ভিসা জালিয়াতি মামলায় দেবযানীকে আটক করা হয়, বিবস্ত্র করে তল্লাশি করা হয় এবং আমেরিকা ছাড়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। বিষয়টি নিয়ে বেশ কূটনৈতিক টানাপোড়েন শুরু হয়েছিল ভারত ও আমেরিকার মধ্যে। সূত্র: এনডিটিভি
[b]ঢাকা, ০৫ এপ্রিল (টাইমনিউজবিডি) //এমএ[/b]