নেপালের সিন্ধুপালচক জেলায় দেড়শ’ ফুট নিচের পাহাড়ি নদীতে যাত্রীবাহী বাস পড়ে শিশুসহ অন্তত ১৭ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন প্রায় ৫০ জন। এছাড়া কিছু যাত্রী নিখোঁজ রয়েছেন বলেও আশঙ্কা করা হচ্ছে।
রোববার (৩ নভেম্বর) রাজধানী কাঠমান্ডুর উত্তর-পশ্চিমাঞ্চলের সাঙ্কোসি নদীতে এ দুর্ঘটনা ঘটে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে এ তথ্য জানা যায়।
জেলার একজন কর্মকর্তা গোমা দেবী চেমজং বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, এখন পর্যন্ত ১৭ জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। এছাড়া গাড়ির চালকসহ ৪৮ জন আহত ব্যক্তিকে চিকিৎসা দেয়া হচ্ছে।
উদ্ধারকাজে পুলিশ ও সেনাবাহিনীকে সহায়তা করছে স্থানীয়রা। তবে কয়েকজন যাত্রী নিখোঁজ হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন কর্মকর্তারা।
চেমজং বলেন, কতজন নিখোঁজ রয়েছেন তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। কারণ ওই বাসটিতে কতজন যাত্রী ছিলেন তার কোনও রেকর্ড নেই। তবে কী কারণে ওই বাসটি দুর্ঘটনার কবলে পড়েছে তা নিশ্চিত করে বলতে পারেনি কর্তৃপক্ষ।
খারাপ রাস্তা, গাড়ির বাজে কন্ডিশন ও বেপরোয়া ড্রাইভিংয়ের কারণে নেপালে প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে। গত মাসেই এ ধরনের আরেকটি ঘটনায় ১১ জন নিহত হয়। ওই বাসটি নদীতে পড়ে আরও শতাধিক ব্যক্তি আহত হয়।
এএস





