সিরিয়ার উত্তরাঞ্চলে ইসলামিক স্টেট গ্রুপ (আইএস) ও বিদ্রোহীদের মধ্যে ব্যাপক সংঘর্ষে কমপক্ষে ৪৭ জন নিহত হয়েছে।

শনিবার ব্রিটেন ভিত্তিক মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ সংস্থা জানায়, শুক্রবার আলেপ্পো প্রদেশে সংঘর্ষে ২০ ইসলামপন্থী ও অন্য বিদ্রোহী যোদ্ধা নিহত হয়েছে। অপরদিকে এ সংঘর্ষে ২৭ জন জিহাদিও প্রাণ হারায়।

বিদ্রোহীদের গুরুত্বপূর্ণ ঘাঁটি মারিয়া শহরে তাদের মধ্যে এ ভয়াবহ সংঘর্ষ হয়। ইসলামিক স্টেট গ্রুপের জিহাদিরা কয়েক মাস ধরে এ অঞ্চলের নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করছিল।

পর্যবেক্ষণ সংস্থা আরো জানায়, ওই শহরে এখনো যুদ্ধ চলছে। শহরটি বর্তমানে বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে।

আলেপ্পোর উত্তরাঞ্চলে বিদ্রোহী নিয়ন্ত্রিত যতগুলো শহর রয়েছে মারিয়া সেগুলোর অন্যতম।

উল্লেখ্য, ২০১১ সালের মার্চ মাসে সংঘাত শুরুর পর থেকে সিরিয়ায় দুই লাখ ৪০ হাজারের বেশী লোক প্রাণ হারিয়েছে।

জেডআই