পাকিস্তানি সেনার টানা গুলি বর্ষণে নিহত হলেন এক ভারতীয় জওয়ান। আহত হয়েছেন আরও দুজন।
শনিবার (০৫ সেপ্টেম্বর) জম্মু ও কাশ্মীরের নৌগাম সেক্টরের কুপওয়াড়াতে এই ঘটনা ঘটেছে। বিনা প্ররোচণায় পাক সেনা হামলা চালায় বলে অভিযোগ ভারতীয় সেনার। খবর ভারতীয় মিডিয়া’র।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্ণেল রাজেশ কালিয়া জানিয়েছেন, কুপওয়াড়ার নৌগাম সেক্টরে নিয়ন্ত্রণরেখা ধরে টানা গুলি বর্ষণ করেছে পাকিস্তানি সেনা। মর্টার ছোঁড়া হয়েছে, ছোট পিস্তলের ব্যবহার করা হয়েছে। একজন জওয়ান নিহত হয়েছেন। আরও দুজন আহত হয়েছেন। আহতদের ৯২ সেনা বেস হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের শারীরিক পরিস্থিতি স্থিতিশীল।
এদিন শ্রীনগরের প্রতিরক্ষা মুখপাত্র বলেন, ভারতীয় সেনাও পাক গুলির লড়াই যোগ্য জবাব দিয়েছে। যে জওয়ান নিহত হয়েছেন তিনি ১৭ ব্রিগেডের আর্মি গানার ভূপিন্দর সিং বলে জানা গিয়েছে। ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে পাক সেনা গুলি চালায় ও মর্টার হামলা চালায় বলে খবর। শনিবার সারা রাত গুলির লড়াই চলে। শাহপুর, কিরনি, দেঘওয়াড় এলাকায়। বেশ কয়েকটি জায়গায় আজ (০৬ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত গুলির লড়াই চলছে বলে খবর।
২০২০ সালে পাকিস্তান ২৭৩০ বারেরও বেশি সংঘর্ষবিরতি চুক্তি ভঙ্গ করেছে বলে ভারতীয় সেনা সূত্রে খবর। ভারতীয় সেনার এক সূত্র জানাচ্ছে, এই বছরের শুরু থেকে যে গুলির লড়াই চালিয়েছেন পাকিস্তান তাতে ২৪ জন সাধারণ নাগরিক মারা গিয়েছেন। শতাধিক আহত হয়েছেন।
এমবি





