ভারতে কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধীর বিরুদ্ধে অশ্লীল মন্তব্যের জেরে শনিবার বাবা রামদেবের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।
যোগ গুরু রামদেব শুক্রবার রাহুলের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, কংগ্রেস ভাইস প্রেসিডেন্ট দলিতদের বাড়ি যান ‘হানিমুন’ ও ‘পিকনিক’ করতে।
এক অনুষ্ঠানে তিনি বলেন, তিনি (রাহুল) কি দলিত কোন মেয়েকে বিয়ে করবেন? তাহলে তার বরাত খুলে যাবে। তিনি ভারতের প্রধানমন্ত্রী হতে পারবেন।
রামদেব বলেন, রাহুলের মতো নরেন্দ্র মোদী ও রামদেব বাধ্যতামূলক অবিবাহিত নয়।
তিনি বলেন, ‘রাহুলের মা বলেছেন, রাহুল বিদেশী মেয়েকে বিয়ে করলে ভারতের প্রধানমন্ত্রী হতে পারবে না। আর রাহুলও ভারতের কোন মেয়েকে বিয়ে করতে চাচ্ছে না। তাই তার মা চাচ্ছেন, রাহুল আগে প্রধানমন্ত্রী হোক। তারপর বিদেশীনিকে বিয়ে করুক।’
পরে রামদেবের এসব অশোভন উক্তি নিয়ে হৈ চৈয়ের পরে তিনি দাবি করেন, তিনি নেতিবাচকভাবে এসব মন্তব্য করেননি। দলিত সেন্টিমেন্টে আঘাত লাগলে তিনি এসব প্রত্যাহার করতে আগ্রহী।
এর আগে তার যোগ ক্যাম্পে বিজেপি’র পক্ষে প্রচারণা চালানো হচ্ছে কংগ্রেসের এ অভিযোগের প্রেক্ষিতে রামদেব বলেন, তার যোগ ক্যাম্প অরাজনৈতিক। তিনি বলেন, আমার ক্যাম্পে কোন রাজনীতির চর্চা হয় না। আমরা কারো পক্ষে ভোট চাইনি। গণমাধ্যমে আমার যে মতামত প্রচার হয় তা আমার সাংবিধানিক অধিকার।
রামদেব আরো বলেন, আগামী ৩০ এপ্রিল তিনি আমেথি যাবেন। তিনি দাবি করেন, আমেথিতে রাহুল নির্বাচনে জিতবেন না। তিনি বলেন, এটা শতভাগ নিশ্চিত রাহুল নির্বাচনে জয়ী হবেন না। আমেথি থেকে বিজেপি’র স্মৃতি ইরানী জিতবেন।
[b]ঢাকা, ২৬ এপ্রিল (টাইমনিউজবিডি) // টিআই[/b]