ভারতের উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বলেছেন, বিজেপি বিরোধী লড়াইয়ে আমরা মমতার সঙ্গে আছি। গতকাল শনিবার পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় তিনি ওই মন্তব্য করেন।

অখিলেশ যাদব ওইদিন বিকেলে কোলকাতায় দলীয় রাজ্য সম্মেলনে অংশ নেয়ার পরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার কালীঘাটের বাসায় সাক্ষাৎ করেন।

পরে অখিলেশ যাদব বলেন, ‘আরএসএস-বিজেপি যেভাবে দেশকে ধর্মের নামে বিভক্ত করার মারাত্মক খেলায় মেতেছে, তাতে ‘দিদি’র ওই লড়াইয়ে আমরা তার পাশে থাকবো। বিজেপিকে হটাতে সমস্ত সেক্যুলার দলের ঐক্য হোক, এটাই আমরা চাই।’

অখিলেশ বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় গরিব মানুষ এবং কৃষকদের পাশে আছেন। তিনি সেক্যুলার নেত্রী। বিজেপি বিরোধী ধর্মনিরপেক্ষতার লড়াইয়ে আমরা অবশ্যই তার সঙ্গে থাকব।’

মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎ করার সময় অখিলেশের সঙ্গে ছিলেন সমাজবাদী পার্টির সিনিয়র নেতা মুহাম্মদ আজম খান ও কিরণময় নন্দ। অন্যদিকে, মমতার সঙ্গে ছিলেন তার ভাইপো ও যুব তৃণমূলের প্রধান অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সম্প্রতি উত্তর প্রদেশে পৌরসভা নির্বাচনের ফল প্রসঙ্গে তিনি বিজেপির বিরুদ্ধে ইভিএমে (ইলেকট্রনিক ভোট যন্ত্র) কারচুপির অভিযোগ করেন। তিনি বলেন, যেখানে ইভিএমে ভোট হয়েছে, সেখানে বিজেপি জিতেছে।

তিনি বলেন, বিজেপি প্রতারণা করে থাকে। বাংলার মানুষদের আমি বলতে চাই, বিজেপি থেকে খুব সাবধান থাকবেন। বিজেপির লোকেরা যেকোনো ষড়যন্ত্র করতে পারে। এদের থাকে সাবধান থাকা খুব প্রয়োজন।