রাশিয়ার ভ্লাদিভস্তকে ইস্টার্ন ইকোনমিক ফোরামের সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক হয়েছিল মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের।

সেই বৈঠকে নাকি ডা. জাকির নায়েককে প্রত্যর্পণের কোনো কথাই তোলেননি ভারতের প্রধানমন্ত্রী। এমনই দাবি করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।

যদিও ওই বৈঠকের পর ভারতের পররাষ্ট্রসচিব বিজয় গোখেল জানিয়েছিলেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে জাকির নায়েকের প্রসঙ্গ উঠেছিল।

মোদি নাকি বলেছিলেন জাকির নায়েকের বিষয়ে তার উচ্চ পদস্থ কর্মকর্তারা মালয়েশিয়ার সঙ্গে যোগাযোগ রাখবে।

কিন্তু তার পরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর এই বক্তব্য প্রশ্নের মুখে ফেলে দিয়েছে পররাষ্ট্র সচিবের দাবিকে।

মাহাথির মোহাম্মদ দাবি করেছেন মোদি একবারও জাকির নায়েকের প্রসঙ্গে কোনো কথা বলেননি। তথ্য সূত্র- ওয়ান ইন্ডিয়া।

জাকির নায়েকের বিরুদ্ধে সহিংসতায় প্ররোচনা দেয়া, ২০১৬ সালে বাংলাদেশে সন্ত্রাসবাদী হামলায় উস্কানি দেয়া এবং অর্থপাচারের অভিযোগ আনা হয়েছে। তার বিরুদ্ধে ডিসেম্বরে মামলা দায়ের করেছে ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) ও মুম্বই পুলিশ। ভারত সরকার তার প্রতিষ্ঠিত গবেষণা প্রতিষ্ঠান ও তার সাথে সংশ্লিষ্ট একাধিক প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জাকির নায়েকের পাসপোর্ট বাজেয়াপ্ত করেছে।

এমবি