কাশ্মীরের একটি প্রত্যন্ত গ্রামে দু’জন ব্যক্তি পাথর ছুড়ে এক পুলিশ কর্মকর্তাকে (এসপিও) হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত ওই পুলিশ কর্মকর্তার নাম হেমন্ত কুমার।
কাশ্মীরের কাথুয়া জেলার পিনথার চক গ্রামে এ ঘটনা ঘটে বলে রবিবার পুলিশ এ তথ্য জানায়।
একজন পুলিশ কর্মকর্তা জানান, গত রাতেই পিনথার চক গ্রামে ওই পুলিশ কর্মকর্তাকে মোতায়েন করা হয়েছিল। সেখানে অভিযুক্ত দুজনের সঙ্গে তিনি তর্কে জড়িয়ে পড়লে পরে তারা পাথর ছুড়ে হামলা করে।
তিনি বলেন, পরে হেমন্ত কুমারকে মারাত্মক আহত অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, অভিযুক্ত আসামিদের শনাক্ত করা সম্ভব হয়েছে। তারা হলেন নরেশ বদয়াল এবং মানবির লালোতরা।
তিনি আরো জানান, এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। দ্বিতীয় অভিযুক্তকে গ্রেপ্তারের প্রচেষ্টা চলছে বলেও তিনি জানান।
সূত্র: নিউজ১৮ ডটকম
এসএম





