ফ্রান্সে ইহুদিদের একটি সমাধিক্ষেত্রে হামলা চলিয়ে শতাধিক কবর ক্ষতিগ্রস্ত করেছে দুর্বৃত্তরা। রোববার জার্মান সীমান্তের কাছে সাররি শহরে এ ঘটনা ঘটে। এ সময় কবরস্থানে হিটলারের নাৎসি বাহিনীর স্বস্তিকা চিহ্ন ও স্লোগান সংবলিত লিফলেট পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে নাৎসি মতবাদে বিশ্বাসী কোন উগ্রপন্থী দলের সমর্থকেরাই এ ঘটনা ঘটিয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ছবিতে দেখা গেছে, সাররি শহরের ইহুদি সমাধিক্ষেত্রের শতাধিক কবরের নামফলক উপড়ে ফেলা হয়েছে। ফরাসি প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভালসও এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।
এ ঘটনায় একটি স্পেশাল তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,"এই লজ্জাজনক কাজের সঙ্গে যে বা যারা জড়িত তাদের প্রত্যেককে চিহিৃতকরণ, জিজ্ঞাসাবাদ ও বিচারের মুখোমুখি করার সব চেষ্টা করা হবে।"
তিনি আরও বলেন, "সমস্ত ফরাসি নাগরিক যে মূল্যবোধ ভাগাভাগি করে নেয় তার বিরুদ্ধে আসা নতুন এই আঘাত বরদাস্ত করা হবে না।"
এর আগেও সাররি ইউনিয়নে ইহুদি সমাধিক্ষেত্রে হামলার ঘটনা ঘটেছে। ১৯৬০ ও ১৯৯৮ সালে বেশ কয়েকটি সমাধির নামফলক উপড়ে ফেলা হয়েছিল এবং ২০০১ সালে ৫৪টি কবর ধ্বংস করা হয়েছিল।
এমএ





