যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে সর্বশেষ ফলাফলে এগিয়ে রয়েছে এড মিলিব্যান্ডের নেতৃত্বাধীন লেবার পার্টি।
বাংলাদেশ সময় শুক্রবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে দেখা যাচ্ছে, নির্বাচনের মোট ৬৫০টি আসনের মধ্যে ২৬৪টির ফল পাওয়া গেছে। এর মধ্যে লেবার পার্টি ১০৫, কনজারভেটিভ ৬৯, স্কটিশ ন্যাশনাল পার্টি (এসএনপি) ৪৫, লিব-ডেম ৪ ও ইউকে ইনডিপেনডেন্স একটি আসন পেয়েছে।
বিবিসির দেওয়া তথ্য অনুযায়ী, এর মধ্যে ৩৩ দশমিক ৭ শতাংশ আসনে জয় পেয়েছে লেবার পার্টি। এর পরের স্থানেই রয়েছে কনজারভেটিভরা। ১৯২টি আসনের মধ্যে তাদের পক্ষে এখন পর্যন্ত জয় এসেছে ২৬ দশমিক ৫ শতাংশ আসনে। এর পর ১২ দশমিক ৫ শতাংশ আসনে জয় পেয়েছে স্কটিশ ন্যাশনাল পার্টি। ১০ দশমিক ৩ শতাংশ আসনে জয়ী হয়েছে ইউকে ইনডিপেনডেন্স পার্টি।
তবে নির্বাচনের ফল ঘোষণা শুরু হওয়ার আগমুহূর্ত পর্যন্ত বিভিন্ন জরিপের যেসব ফল প্রকাশিত হয়েছিল, সেগুলোতে দেখা যায়, ক্ষমতাসীন কনজারভেটিভরাই বেশি আসনে জয়ী হবেন। অবশ্য আজ সকাল পর্যন্ত ভোটের ফলাফলে তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে না; বরং দেখা যাচ্ছে এগিয়ে যাচ্ছে লেবার পার্টি।
অবশ্য নির্বাচন-পূর্ব সব জরিপে একটি ঝুলন্ত পার্লামেন্টের ইঙ্গিত দিচ্ছিল। এড মিলিব্যান্ডের লেবার পার্টি ও ডেভিড ক্যামেরনের কনজারভেটিভ পার্টি দুই দলই জোটের জন্য ছোট দলগুলোর ওপর নির্ভর করছে।
গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৭টায় (বাংলাদেশ সময় দুপুর ১টা) যুক্তরাজ্যে সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়।
৬৫০ এমপি নির্বাচিত করার লক্ষ্যে দেশটির ৫০ হাজার ভোটকেন্দ্রে পাঁচ কোটি ভোটার ভোট দিয়েছেন। হাউস অব কমন্সের এমপিরা ছাড়াও এই ভোটের মাধ্যমে ২৭৯টি আসনে নয় হাজার কাউন্সিলর এবং বেডফোর্ড, কোল্যান্ড, লিচেস্টার, মানসফিল্ড, মিডলসবরো, টোরবেতে মেয়র নির্বাচিত হবেন। ডাকযোগে ভোট দিয়েছেন অনেক ভোটার।এ ছাড়া প্রথমবারের মতো অনলাইনেও ভোট দিয়েছেন ব্রিটেনবাসী।
কেএইচ





